নীরবেই ঢাকায় এল নাইজেরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেসির আলোয় আর্জেন্টিনাই হারিয়ে যাচ্ছে আর এ তো নাইজেরিয়া! আর্জেন্টিনার বাংলাদেশে আসার দিনে আফ্রিকার এ দলটির ঢাকায় আগমন যে রকম হওয়ার কথা ছিল, হলো সে রকমই। অনাড়ম্বর, মিডিয়া ছাড়া খুব বেশি মনোযোগ পেল না কারও।মাদাগাসকারের সঙ্গে আফ্রিকান নেশনস কাপের বাছাইপর্বের ম্যাচ খেলে ভাড়া করা বিমানে কাল সুপার ইগলরা ঢাকায় পৌঁছায় বিকেল ৩টা ১০ মিনিটে। মাঝে ওমানের মাস্কটে তেল নিতে থেমেছিল বিমান। দুই ঘণ্টার এই বিরতিসহ ভ্রমণটা ১২ ঘণ্টার মতো ছিল বলে জানিয়েছেন দলের সচিব একর ইনেবি।দীর্ঘ বিমান ভ্রমণের পর গুলশানের ওয়েস্টিন হোটেলে পৌঁছায় আর মিডিয়ার সামনে হাজির হননি নাইজেরিয়া দলের কোচ বা অধিনায়ক। ইনেবিই জানালেন, ‘সবাই খুব ক্লান্ত। সন্ধ্যা সাড়ে ৭টায় অনুশীলন আছে। সেখানে হয়তো কেউ কথা বলবে।’ ক্লান্তি মূলত বিমান ভ্রমণের লম্বা সময়টার জন্যই। নইলে নাইজেরিয়ার ওয়েবসাইট কিকঅফ ডট কম জানাচ্ছে, ভাড়া করা বিমানে ভ্রমণটা বেশ আরামদায়কই হয়েছে। ৭৩৭/৭০০ ইআর এয়ারক্রাফটের সব আসনই নাকি ছিল বিজনেস ক্লাস!হোটেল লবিতে কথা হলো দলের ফিজিও ওয়ালে ওলাডেজোর সঙ্গে। আর্জেন্টিনার বিপক্ষে প্রীতি ম্যাচের আগে মাদাগাসকারের বিপক্ষে ২-০ গোলের জয়ে তৃপ্ত মনে হলো তাঁকে, ‘আমরা খুশি, ম্যাচটা জিতে আসতে পেরেছি। তবে মাঠ খুব বাজে ছিল। খেলাটাও কষ্টকর ছিল তাই।’ এই ম্যাচেই ইনজুরিতে পড়েছেন দলের খেলোয়াড় ভিক্টর আনিচেবে। তাঁকে দেশে ফেরত পাঠানো হয়েছে। তবে দলের আর কারও আপাতত কোনো ইনজুরি নেই বলে জানিয়েছেন ফিজিও।আর্জেন্টিনা দলকে উদ্দেশ করে তবু রাস্তার পাশে দাঁড়ানো মানুষ হাতটাত নেড়েছে। ঢাকায় পৌঁছে নাইজেরিয়া দল সেটাও খুব একটা পায়নি। এ দেশের মানুষ যে নাইজেরিয়া দলকে চেনে সেটার প্রথম প্রমাণ সম্ভবত তারা পেল হোটেলে পৌঁছে, প্রবেশদ্বারের সামনে ঝোলানো ‘ওয়েলকাম নাইজেরিয়া টিম’ লেখা বড় ব্যানারটা দেখে। লিফটের দিকে যাওয়ার পথে লালগালিচা সংবর্ধনা হলো, ফুলের পাপড়ি ছুড়ে বরণ করে নেওয়া হলো যোসেফ ইয়োবোর দলকে। আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচের প্রচারণায় আয়োজকেরা যে রকম উদাসীন, তাতে এটুকুই অবশ্য অনেক বেশি মনে হচ্ছিল। বিমানবন্দর, হোটেল আর রাস্তায় কঠোর নিরাপত্তা ছিল। কিন্তু মনমোহন সিংয়ের বাংলাদেশে আসার মৌসুমে সেসব যে আসলে কাদের জন্য, বোঝা দায়।