নীরবেই দলবদল শেখ জামালের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘর গোছানোর কাজটা আগেই সেরে ফেলেছে বেশির ভাগ ক্লাবগুলো। বাকি ছিল কাগজ-কলমের আনুষ্ঠানিকতা। দলবদলের বাকি এই কাজটাই শুরু হলো কাল থেকে।প্রথম দিনে দলবদল সারল বাংলাদেশ লিগে অভিষেকেই বড় দলের তকমা নিয়ে আসা নবাগত শেখ জামাল ধানমন্ডি ক্লাব। তবে কোনো জৌলুশ ছিল না তাদের, নীরবে অনাড়ম্বরভাবে ১৫ মিনিটে শেষ করল তারা আনুষ্ঠানিকতা। আমিনুল, এমিলি, এনামুল, ওয়ালি ফয়সালরা আনুষ্ঠানিকভাবে হয়ে গেলেন শেখ জামালের। আবাহনী-মোহামেডানের মতো বড় ক্লাবগুলো গত কয়েক বছর বাদ্যি বাজিয়ে, ঘোড়ার গাড়িতে চড়ে বাফুফে ভবনে এসেছে দলবদল সারতে। আবাহনী-মোহামেডানের ঘর ভেঙে নতুন দল গড়া শেখ জামালকে নিয়েও তেমন প্রত্যাশা ছিল অনেকের। কিন্তু খেলোয়াড়েরাই এলেন না সশরীরে।মাঠের বাইরের এসব ব্যাপার-স্যাপারের চেয়ে খেলাটাকেই বড় করে দেখছেন শেখ জামালের কর্মকর্তারা। ক্লাবের মহিলাবিষয়ক কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ জানালেন, ‘ছেলেরা বিকেএসপিতে অনুশীলনে ব্যস্ত। এখানে নিয়ে এলে ওদের অনুশীলনে ক্ষতি হতো। এ জন্যই ওদের আনিনি।’ জাতীয় দলের ১১-১২ জন খেলোয়াড় নিয়ে ফুটবল দল গড়েছে শেখ জামাল। কাল আনুষ্ঠানিকভাবে শেখ জামালে নাম লেখালেন ১৭ জন—আমিনুল হক, মোহাম্মদ সুজন, আরিফুল ইসলাম, রেজাউল করিম, ওয়ালি ফয়সাল, নাসিরুল ইসলাম, মিন্টু শেখ, মামনুল ইসলাম, আতিকুর রহমান, শাহেদুল ইসলাম, জাহিদ হোসেন, আবদুল বাতেন (কমল), শাকিল আহমেদ, জাহিদ হাসান (এমিলি), এনামুল হক, তৌহিদুল আলম (সবুজ) ও মোহাম্মদ শাকিল। অন্যদের মধ্যে সাদ্দাম হোসেন, বিদ্যুৎ কুমার, মোহাম্মদ নাসের ও অসীম দাস দু-এক দিনের মধ্যেই নিবন্ধন সেরে ফেলবেন। এঁদের ছাড়াও ৩ জন বিদেশি খেলোয়াড়ও নেবে শেখ জামাল। দলবদলের আনুষ্ঠানিকতায় মাহফুজা ছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য আনোয়ারুল করিম হেলাল ও খলিলুর রহমান। শেখ জামালের আগে কাল প্রথমে দলবদলের আনুষ্ঠানিকতা সেরেছে আরামবাগ। তারা নিবন্ধন করিয়েছে ৭ খেলোয়াড়কে।