নীরবেই পালিত হলো মুন্নার মৃত্যুবার্ষিকী
অনেকটা নীরবেই পালিত হলো মোনেম মুন্নার পঞ্চম মৃত্যুবার্ষিকী। যে ক্লাবের সঙ্গে ছিল তাঁর নাড়ির সম্পর্ক, সেই আবাহনী তাঁর মৃত্যুবার্ষিকীতে থাকল নীরব। কোনো মিলাদ মাহফিল বা স্মরণসভা—কোনো কিছুরই আয়োজন করেনি তারা। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, এ পর্যন্ত লোকান্তরিত আবাহনীর সব সাবেক খেলোয়াড়-কর্মকর্তার স্মরণে একই দিনে শোক পালনের সিদ্ধান্ত হয়েছে গত বছর। তবে সিদ্ধান্তটি হাস্যকর মনে হয় সবার কাছে। জাতীয় দলের সাবেক অধিনায়ককে তাঁর জন্মস্থান নারায়ণগঞ্জ অবশ্য কাল স্মরণ করেছে শ্রদ্ধার সঙ্গে। নারায়ণগঞ্জ সোনালী অতীত ক্লাবের উদ্যোগে আয়োজিত শোকযাত্রাটি জিমখানা আলাউদ্দিন খান স্টেডিয়ামে শুরু হয়ে টার্মিনাল ঘুরে শেষ হয় বন্দরে মুন্নার কবরস্থানে গিয়ে। সেখানে এক দফা মিলাদ মাহফিল ও কবর জিয়ারতের পর জুমার নামাজ শেষে আবারও হয় মিলাদ। ঢাকা থেকে তাঁর এক সময়ের সতীর্থ আলফাজ, নকীব, রঞ্জন, মনি ও আরিফ খান জয় অংশ নেন শোকযাত্রায়। ছিলেন স্থানীয় খেলোয়াড় বিদ্যুত্, লিটন, নজরুলরা।