নীল টার্ফে প্রথম অনুশীলন

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে গত জানুয়ারিতে বসেছে নতুন নীল অ্যাস্ট্রো টার্ফ। কিন্তু যাঁদের জন্য এই টার্ফ সেই খেলোয়াড়েরাই যে এত দিন মাঠে নামেননি। দলবদলের জন্য আন্দোলন করে জিমি, জাহিদ, মিমোরা ছিলেন মাঠের বাইরে। অবশেষে গত সপ্তাহে হকির সংকট কিছুটা কেটেছে। কিন্তু এত দিন বিকেএসপি অনুশীলন করে কালই প্রথম নীল টার্ফে স্টিক ছোঁয়ালেন খেলোয়াড়েরা।
কাল দুপুরে বিকেএসপি থেকে এসএ গেমস ও জুনিয়র এশিয়া কাপের ক্যাম্পের সব খেলোয়াড় চলে আসেন ঢাকায়। ৪৩ জন খেলোয়াড়কে নিয়ে কোচ মাহবুব হারুন অনুশীলন শুরু করেছেন হকি স্টেডিয়ামে। অবশ্য রাসেল মাহমুদ জিমি ও কামরুজ্জামান রানা আরও সপ্তাহ খানেক পর যোগ দেবেন। আর জার্মানি থেকে লিগ খেলে ইমরান হাসান পিন্টুর ফেরার কথা ২৪ নভেম্বর।
আগামী ১৪ নভেম্বর মালয়েশিয়ায় জুনিয়র এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে খেলবে অনূর্ধ্ব-২১ দল। ১০ নভেম্বর মালয়েশিয়া রওনা হওয়ার কথা দলটির। খেলোয়াড়দের ভিসা, সরকারি আদেশপত্র (জিও) এত দ্রুত কীভাবে জোগাড় করা যাবে আপাতত তা নিয়েই বেশি ভাবছেন ফেডারেশন সাধারণ সম্পাদক আবদুস সাদেক। কাল হকি মাঠে এসে খেলোয়াড়দের অনুশীলন দেখে তিনি বললেন, ‘জাতীয় দলের খেলোয়াড়েরা এত দিন পর নীল টার্ফে ফিরেছে, এটা হকির জন্য খুব ভালো। দেখতেও ভালো লাগে এই দৃশ্য। যেন প্রাণ ফিরে পেয়েছে হকি। তবে এ মুহূর্তে এদের চেয়ে জুনিয়রদের নিয়েই ভাবছি। ওদের ভিসা, জিওর জন্য দৌড়াদৌড়ি করতে হচ্ছে আমাদের।’ বাংলাদেশের হকির কিংবদন্তি মনে করেন, আন্দোলন করে অনুশীলন বন্ধ রাখায় ক্ষতিটা হয়েছে খেলোয়াড়দেরই, ‘আমার বাসায় যখন ওরা গিয়েছিল, পরদিনই খেলতে রাজি হয়েছিল। কিন্তু জানি না কোন বড় ভাইয়ের কথায় পরে বেঁকে বসে পরে। এত অল্প প্রস্তুতি নিয়ে জুনিয়র এশিয়া কাপে ভালো কিছু আশা করতে পারছি না।’