
ফ্রান্সের রক্ষণদুর্গ ভেদ করে জাল খুঁজে পাওয়া কি খুবই কঠিন? সুইজারল্যান্ডের সহকারী কোচ মিচেল পন্টের ধারণা অন্তত সে রকমই। বাস্তবতাই পন্টকে এমনটা বিশ্বাস করতে বাধ্য করছে।
৬০ বছর বয়সী ভদ্রলোক ২০০১ সাল থেকে সুইজারল্যান্ডের জাতীয় দলের সঙ্গে আছেন। সেই থেকে গত ১৩ বছরে সব মিলিয়ে পাঁচবার মুখোমুখি হয়েছে ফ্রান্স-সুইজারল্যান্ড। এই পাঁচ ম্যাচে সুইজারল্যান্ড গোল করতে পেরেছে মাত্র দুটি, খেয়েছে ৬টি। ফলটাও ফরাসিদের পক্ষে। দুটিতে জিতেছে ফ্রান্স, বাকি তিন ম্যাচই ড্র। এই তিন ড্রয়ের একটি ২০০৬ বিশ্বকাপে। স্টুটগার্টের ওই গোলশূন্য ম্যাচটাই ছিল বিশ্বকাপে দুই দলের একমাত্র সাক্ষাৎ। আজ বিশ্বকাপে দুই দলের দ্বিতীয় সাক্ষাতে তাই গোলের জন্য মরিয়া পন্ট।
দুই দলই শুরুটা করেছে জয় দিয়ে। আজ সালভাদরে যারাই জিতবে, দ্বিতীয় রাউন্ড প্রায় নিশ্চিত হয়ে যাবে তাদের। কিন্তু জিততে হলে গোল তো করতে হবে। পন্ট খেলোয়াড়দের উদ্বুদ্ধ করছেন এই বলে, যে করেই হোক খুঁজে বের করতে হবে ফ্রান্স রক্ষণের দুর্বলতা। অবশ্য তিনিই আবার বলছেন, কাজটা সহজ নয়, ‘ফ্রান্সকে হারানোটা আমার স্বপ্ন। সেটা হবে সবচেয়ে দারুণ এক উপহার। আমার বিশ্বাস, গ্রুপপর্ব পেরোতে পারলে আমরা অনেক দূর যেতে পারব।’
ইকুয়েডরের সঙ্গে প্রথমে পিছিয়ে পড়েও দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের গোলে জয়। স্বাভাবিকভাবেই সুইসরা আত্মবিশ্বাসী। তুলনায় ফরাসিদের আরও বেশি উজ্জীবিত থাকার কথা। হন্ডুরাসের সঙ্গে ৩-০ গোলের জয় দিয়ে শুরু। তার চেয়েও বড় কথা, জোড়া গোল করে কোচ দিদিয়ের দেশমকে রিবেরির শূন্যতা বুঝতেই দেয়নি করিম বেনজেমা। আজও তাঁর দিকেই তাকিয়ে থাকবে ফরাসিরা। এএফপি।