নীল নয়, লাল রঙের কোর্ট চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

না, নীল রঙের কোর্ট চলবে না। লাল রঙের কোর্ট চাই। নইলে খেলাই বাদ। আগামী বছর মাদ্রিদ ওপেন টেনিসে অংশ নেওয়ার ব্যাপারে এ কথা বলে হুমকি দিয়েছেন দুই টেনিস তারকা রাফায়েল নাদাল ও নোভাক জোকোভিচ।মাদ্রিদ ওপেনে প্রচলিত লাল রঙের কোর্টের বদলে নীল রঙের পিচ্ছিল কোর্ট নিয়ে শুরু থেকেই আপত্তি ছিল রাফায়েল নাদাল, রজার ফেদেরার, নোভাক জোকোভিচের মতো টেনিসের শীর্ষ খেলোয়াড়দের। তবে এবার নিছক ক্ষোভ প্রকাশ নয়, আয়োজকদের প্রতি রীতিমতো হুমকি দিলেন নাদাল ও জোকোভিচ। ঘোষণা দিলেন, কোর্টের রং লাল করা না হলে আগামী বছর মাদ্রিদ ওপেনে অংশ নেবেন না তাঁরা।কোর্টের রং নিয়ে নাদালের ক্ষোভটাই অবশ্য বেশি হওয়া স্বাভাবিক। তৃতীয় রাউন্ডেই যে বিদায়-ঘণ্টা বেজ গেছে তাঁর! ক্লে কোর্টে ২৩ ম্যাচ পর গতকাল বৃহস্পতিবার স্বদেশি ফার্নান্দো ভারদেসকোর কাছে ৬-৩, ৩-৬, ৭-৫ গেমে হেরেছেন টেনিসের সাবেক এই এক নম্বর খেলোয়াড়। পুরুষদের টেনিসের বর্তমান এক নম্বর খেলোয়াড় জোকোভিচকে অবশ্য হারতে হয়নি। সুইস খেলোয়াড় স্ট্যানিলাস ওয়াওরিঙ্কাকে ৭-৬, ৬-৪ গেমে হারিয়েছেন তিনি। তবে পুরো খেলায় বেশ অস্বস্তিতে কেটেছে জোকোভিচের।হারের পর মাদ্রিদের কোর্টকে দায়ী করলেন নাদাল। সংবাদ সম্মেলনে বললেন, ‘শট নেওয়ার সময় ঠিক মতো এদিক ওদিক ছোটাছুটি করতে পারছিলাম না। নিজের ইচ্ছে মতো বলে আঘাতও করতে পারছিলাম না। অথচ নিজেকে প্রস্তুত করতে সর্বোচ্চ চেষ্টাই করেছি আমি। কিন্তু এই কোর্টে নিজেকে খাপ খাওয়াতে পারিনি কিছুতেই।’ক্ষোভ প্রকাশ নাদাল বলেন, ‘এটিপি ও আয়োজকেরা যা ইচ্ছা তা-ই করতে পারে। যদি এভাবেই চলতে থাকে, আগামী বছর এই প্রতিযোগিতার কোনো গুরুত্বই আমার কাছে থাকবে না। আমি সত্যি মর্মাহত।’ম্যাচ শেষে নোভাক জোকোভিচের প্রতিক্রিয়া, আয়োজকেরা দাবি করছে, কোর্টের রং নীল হলেও এটা ঠিক লাল ক্লে কোর্টের মতোই। তবে ওদের দাবি সত্যি নয়। এই কোর্ট সম্পূর্ণ ভিন্ন। খেলোয়াড়েরা পা পিছলে কোর্টে পড়ে যাচ্ছে, আঘাত পাচ্ছে। শেষ পর্যন্ত যে আঘাত না পাবে, জয় হবে ওরই।কোর্টের রং আগের মতো ফিরিয়ে আনা না হলে আগামী বছর মাদ্রিদ ওপেনে অংশ নেবেন না ইঙ্গিত দিয়ে জোকোভিচ বলেন, ‘এটা আমার কাছে একেবারেই নতুন অভিজ্ঞতা। আশা করছি, এটাই হবে শেষ অভিজ্ঞতা।’ রয়টার্স।