নীল-সাদা সমুদ্রে রুদ্ধশ্বাস সময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনিসুল হক
আনিসুল হক

নীল আকাশ। এত নীলও আকাশ হয়! সাদা মেঘ। আর্জেন্টিনার পতাকার রং দেখি রিও ডি জেনিরোর হোটেলের জানালা দিয়ে। ১৩ জুলাই আকাশি নীলের মহাসাগরে হারিয়ে গিয়েছিলাম। কোপাকাবানা রিওর বিখ্যাত সমুদ্রসৈকত। সেখানে ফিফার ফ্যান ফেস্ট জোন। অনেক বড় একটা জায়গা ঘিরে বিশাল মঞ্চ, তাতে বড় এলইডি পর্দা। ঘেরা চত্বরের বাইরেও বিশাল বালুকাবেলায় আরও আরও বড় পর্দা। খেলা শুরু হবে এখানকার সময় বিকেল চারটায়। আমি ১১টায় সৈকত এলাকায় গিয়ে যেদিকে তাকাই, শুধু নীল আর সাদা। লাখ লাখ আর্জেন্টাইন। তারা ফাইনাল উপলক্ষেÿ চলে এসেছে ব্রাজিলে। মারাকানা স্টেডিয়ামের টিকিট সবাই পাবে না—সহজ অঙ্ক। এরা দখল করে নিয়েছে কোপাকাবানা সৈকতের ফিফা চত্বর। সেই জোনে ঢুকতে আমাকে এক ঘণ্টা কিউয়ে দাঁড়িয়ে এক মাইল লম্বা বালু-বিছানো পথ পার হতে হলো। অবশেষে ঢুকলাম। নারী আর পুরুষ এসেছে। প্রেমিক-প্রেমিকা এসেছে। দুই বছরের শিশুর আঙুল ধরে এসেছে আর্জেন্টাইন পরিবার। বেলা দুটোর দিকে চত্বর ভরে গেল। বাইরেও একদিকে সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে উপকূলে, আরেক দিকে আর্জেন্টাইন মানবসমুদ্র। তারা গর্জন করছে, তরঙ্গ তুলছে। ব্রাজিল, তোমাদের উঠানে আমরা এসে দেখো কী করছি। দেখো মেসি কী করে, সে বিশ্বকাপ নিয়ে যাবে...
মঞ্চে ব্রাজিলের ব্যান্ডশিল্পীরা গান করছেন, নৃত্যশিল্পীরা পরিবেশন করছেন ঐতিহ্যবাহী নাচ। ওদের গানের সুর বাংলাদেশের সাঁওতালি গানের সুরের সঙ্গে একটু-আধটু মিলেও যায়। ফিফা জোনের মঞ্চের শিল্পীদের গানের কথা বুঝি না। মনে হচ্ছে, পরিচিত গান। আর্জেন্টাইনরা দেখি গানের সঙ্গে গলাও মেলায়। তারা গাইছে, তারা নাচছে।
ব্রাজিল কি দখল করে নিল আর্জেন্টিনা?
খেলার আগে স্টেডিয়ামের সমাপনী সাংস্কৃতিক অনুষ্ঠান। শাকিরার পরিবেশনা। তুমি কি আসলেই এটা চাও? সারা পৃথিবী তোমাকে দেখছে। তাহলে তুমি দেখিয়ে দাও... লা লা লা...
খেলা শুরু হলো। কোপাকাবানা সৈকতের আর্জেন্টাইনরা শ্বাস বন্ধ করে খেলা দেখছে। কিন্তু মারাকানা স্টেডিয়ামের গ্যালারিতে আর্জেন্টাইনরা দাঁড়িয়ে গান গেয়েই চলেছে, তাদের হাত কুচকাওয়াজের মতো উঠছে নামছে।
খেলা ৯০ মিনিট অমীমাংসিত। বেশির ভাগ সময় জার্মানি আক্রমণ করছে। আর্জেন্টিনার গোলরক্ষক রোমেরো অলৌকিক হাতে ফিরিয়ে দিচ্ছেন। আবার পরিষ্কার সুযোগ পেয়েও গোল করতে পারলেন না হিগুয়েইন।
হাড্ডাহািড্ড লড়াই। রক্ত ঝরল জার্মানির খেলোয়াড়ের মুখ থেকে।
অবশেষে এল সেই মুহূর্ত। বুকে বল ঠেকিয়ে মুহূর্তের মধ্যে নিষ্ঠুর নির্ভুল শটটা নিলেন গোটশে। গোল।
হঠাৎ কোপাকাবানা চিৎকার করে উঠল। আরে, এই সাদা-নীল সমুদ্রে কে চিৎকার করে?
ব্রাজিলিয়ানরা এরই ফাঁকে ফাঁকে গেরিলার মতো ক্যামোফ্লেজ করে মিশে আছে। তারা স্বরূপে ফিরে গেল। এমন চিৎকার এবং নাচ শুরু করে দিল, যেন তারা বিশ্বকাপ জিতে নিয়েছে।
শেষ সুযোগ এল মেসির কাছে। শেষ ১৫ মিনিট তখন পার হয়ে গেছে। মেসি কি পারবেন? তিনি কিক নিলেন। গোলবারের অনেক ওপর দিয়ে বল এবং আর্জেন্টিনার আশা মিলিয়ে গেল ঊর্ধ্ব-আকাশে।
খেলার শেষ বাঁশি বাজল।
বাবার কোলে মাথা রেখে শিশু কাঁদছে।
প্রেমিকাকে জড়িয়ে ধরে কাঁদছে প্রেমিক।
বন্ধুর কাঁধে মাথা রেখে কাঁদছে বন্ধু।
সবার মুখ শোকে স্তব্ধ।
আর মঞ্চে শুরু হলো দ্রুত লয়ের সংগীত। ব্রাজিলিয়ানরা, তরুণ-তরুণী, প্রৌঢ়-বৃদ্ধ শুরু করে দিল নাচ। লাখ লাখ আর্জেন্টাইন সৈকত ছেড়ে হোটেলের দিকে ফিরছে। পথের দুধারে দাঁড়িয়ে ব্রাজিলিয়ানরা গান গাইছে... মেসি মেসি...
ওদের ভাব দেখে মনে হচ্ছে, জার্মানি নয়, ব্রাজিলই এই মাত্র বিশ্বকাপ জিতে নিল।
একজন আর্জেন্টাইনের চোখে ব্যাপারটা কেমন, জানতে চেয়েছিলাম ড. ক্লারা মাসান্তার কাছে। হার্ভার্ডের পিএইচডি এই সমাজ-গবেষক থাকেন বার্লিনে। ব্রাজিলে এসেছেন আর্জেন্টিনার বিজয়ের সহযাত্রী হতে। তিনি বলছেন, ‘আর্জেন্টিনা এখন উদ্ভাসিত একটা প্রশান্ত গৌরবে, যাতে কোনো বাড়াবাড়ি নেই। মারাকানা-বিজয় করা যায়নি। ঠিক আছে। আমরা দ্বিতীয় সর্বোচ্চ সম্মান নিয়ে ফিরছি। ব্রাজিল তো তা পারেনি। ব্রাজিল হেরেছে ১-৭ গোলে। তারা জার্মানির পতাকা নিয়ে জার্মানির পক্ষে সোচ্চার থেকেছে, তারা বিরোধিতা করেছে তাদের লাতিন আমেরিকার ভাইয়ের। আর্জেন্টিনা ছাড়া অন্য যেকোনো কিছু—এই তো তাদের মনোভাব। আর্জেন্টিনা-ব্রাজিলের ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতা ওই গানে ধরা আছে—ব্রাজিল তোমাদের কেমন লাগছে বলো, তোমাদের উঠানে এসে আমরা যা করছি...আমাদের ম্যারাডোনা তোমাদের পেলের চেয়ে বড়। দেখো মেসি কী করে, সে বিশ্বকাপ নিয়ে যাবে। এই গান বারে বারে গাওয়া হয়েছে বুয়েনস এইরেসে, রিও, সাও পাওলো, ব্রাসিলিয়ায়। বুয়েনস এইরেসের অপেরা হাউসের মোজার্ট শুরুর আগেও এই গান বাজানো হয়েছে। রোববারে সারাটা বুয়েনস এইরেস পরিণত হয়েছিল বিশাল এক অনুষ্ঠান প্রাঙ্গণে। আমি যেহেতু বার্লিনে কাজ করি, আর্জেন্টিনার নাগরিক, আমার জন্য বিশ্বকাপ ফাইনালে হারানোর কিছু ছিল না।
আমার প্লেন এখন বুয়েনস এরেসে ল্যান্ড করল। সেমিফাইনালের পেনাল্টিটা রিপ্লে হলো। ওহ্। ইতিহাস রচিত হলো। ব্রাজিল বিশ্বকাপটা আমার জন্য ছিল অনন্যসাধারণ অভিজ্ঞতা। একটা মহা উৎসব। ভ্রাতৃত্ববন্ধনের অপরূপ দিন। হইহুল্লোড়, লাফঝাঁপ, গান-নাচ ভালোবাসা-ভরা দিনরাত। যার চাবি-লাইন হলো, ‘আমাদের ম্যারাডোনা পেলের চেয়ে বড়।’
ক্লারা ফিরে গেছেন আর্জেন্টিনায়। আমি তাঁকে জিগ্যেস করতে পারি, তোমাদের গানের লাইনে ছিল, ইউ আর গোয়িং টু সি মেসি, সে আমাদের জন্য বিশ্বকাপ নিয়ে আসবে... সেটা তো হলো না। বলার কোনো মানে হয় না। সমর্থকেরা নানা কিছু বলে। খেলার আগে খেলোয়াড়দের উৎসাহিত করতে এসব তো সব দলই বলে থাকে।
আর আমার সোহরাব-রোস্তমের দ্বৈরথে রোস্তম তো পরাজিত হলোই। তা-ই হয়। নতুন প্রজন্ম স্মার্ট হয় বেশি। উত্তর-প্রজন্ম খেলার ভবিষ্যদ্বাণী করে গত চার বছরের ক্লাব ফুটবলগুলোর খেলা দেখে। আর আমরা, পুরোনো প্রজন্ম, বিচার করি ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে। বিশ্বাস করে বসে থাকি, লাতিন আমেরিকার বিশ্বকাপ লাতিন কোনো দলই জিতবে। ব্রাজিল আর আর্জেন্টিনা ছাড়াও যে পৃথিবীতে ফুটবল হয়, আমরা পুরোনো প্রজন্ম নাকি সে সম্পর্কে উটপাখির মতো উদাসীন। পর পর দুবার, ২০১০ আর ২০১৪—আত্মজার কাছে পরাজিত হলাম। এবার তো ওর দুটো ভবিষ্যদ্বাণী ঠিক হলো, কে চ্যাম্পিয়ন হবে, জার্মানি, আর কার কাছে যাবে সোনার বুট—হামেস রদ্রিগেজ।
নতুন প্রজন্মের কাছে যখন পুরোনো প্রজন্ম হেরে যায়, তখন সে এক মধুর পরাজয়৷
নাহ্। আর খেলা নয়। উৎপল শুভ্রর সঙ্গে বেরোব নির্ভার টুরিস্ট হিসেবে। উৎপল শুভ্র দেখি একটা কোকা-কোলার গেলাস সংগ্রহ করেছেন, বিশ্বকাপের লোগো আছে বলে। কোকা-কোলা ব্রাজিলে সাত-আটটা ভাষায় কোকা-কোলা লেখা বোতল বাজারে ছেড়েছে, বিমানবন্দরে ছবিও টাঙিয়েছে। ব্রাসিলিয়ার ম্যাঙ্গো হোটেলে বাংলা লেখা কোকা-কোলা পেয়েছি। বিমানবন্দরে ও রাস্তার বিজ্ঞাপনে বাংলায় লেখা কোকা-কোলা দেখেওছি।
বিদেশ-বিভুঁইয়ে একটুখানি বাংলা দেখতে পেলে চোখটা জুড়িয়ে যায়।
এখানে বাংলা তো দূরের কথা, একটু ইংরেজি জানে বলে একই দোকানদারের কাছে অপ্রয়োজনে দুইবার গেছি।
এবার ফেরার টান লেগেছে পালে। কবে যে ঢাকার বিমানবন্দরে পা রাখতে পারব!