নীলকে লাল না করলে বয়কট!
একে তো খেলাটা মাটির কোর্টে, তার ওপর প্রতিযোগিতাটা হয় তাঁর ঘরের পাশেই। মাদ্রিদ ওপেনের সবচেয়ে বড় আকর্ষণ স্বাভাবিকভাবেই রাফায়েল নাদাল। মাটির কোর্টের রাজা সেই নাদালই ঘোষণা দিয়েছেন, আগামী মৌসুমে কোর্টের আগের রং ফিরিয়ে না আনলে এখানে আর খেলবেনই না! টেনিসের এক নম্বর তারকা নোভাক জোকোভিচ ওয়ারিঙ্কাকে ৭-৬, ৬-৪-এ হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠলেও দুই নম্বর তারকার হুমকিকে সর্মথন দিয়ে বলেছেন, বয়কট করবেন তিনিও! নীল কোর্টের সমালোচনা করেছেন রজার ফেদেরারও। যদিও রিচার্ড গ্যাসকুয়েটের বিপক্ষে সহজ জয়ে (৬-৩, ৬-২) কোয়ার্টার ফাইনালে উঠেছেন সর্বোচ্চ ১৪টি গ্র্যান্ড স্লাম জেতা তারকা। । এএফপি, রয়টার্স।পরশু মাদ্রিদ ওপেনের তৃতীয় রাউন্ডে স্বদেশি ফার্নান্দো ভারদাস্কোর কাছে হেরে যাওয়ার পর এই হুমকি দেন নাদাল। ভারদাস্কোর বিপক্ষে ১৪ ম্যাচে এটিই তাঁর প্রথম হার। শুধু তা-ই নয়, ২০০৪ সালের পর এই প্রথম মাটির কোর্টের কোনো টুর্নামেন্টে এত তাড়াতাড়ি বিদায় নিলেন ফ্রেঞ্চ ওপেনের মাটির কোর্টেই ছয়টি গ্র্যান্ড স্লাম জেতা নাদাল।ফ্রেঞ্চ ওপেনের আগে মাদ্রিদ ওপেন হয়। ফলে এই টুর্নামেন্ট লাল দুর্গের প্রস্তুতির মঞ্চও। কিন্তু এবার হঠাৎ করে মাদ্রিদের কোর্টগুলোর লাল রং পাল্টে নীল করে দেওয়া হয়। শুরু থেকে এ নিয়ে প্রতিবাদ করে আসছেন নাদাল ও জোকোভিচ। আয়োজকদের দাবি, নীল কোর্টে টিভি দর্শকদের খেলা দেখতে সুবিধা হয়। কিন্তু নাদাল-জোকোভিচ দুজনই বলেছেন, প্রথাগত গাঢ় কমলা বা লাল মাটির কোর্টের তুলনায় নীল কোর্ট অনেক পিচ্ছিল। এখানে ভারসাম্য রাখা কঠিন। ধারণা করা হচ্ছে, এই পরিবর্তনের পেছনে কলকাঠি নেড়েছে স্পনসরকারীরা। মাদ্রিদ ওপেনের মূল স্পনসর মুতুয়া মাদ্রিলেনা। স্পেনের এই প্রধান বিমাপ্রতিষ্ঠানের ‘ব্র্যান্ড কালার’ নীল। এ কারণেই কোর্টের রং হয়েছে নীল!পরশু পরাজয়ের পর সংবাদ সম্মেলনে ক্ষুব্ধ-বিরক্ত নাদাল বলেছেন, ‘এটিপি আর এই টুর্নামেন্টের কর্তৃপক্ষ যা খুশি করতে পারে। আমি সর্বোচ্চ চেষ্টাই করেছিলাম ভালো প্রস্তুতি নেওয়ার। কিন্তু কোর্টের সঙ্গে মানিয়ে খেলতে পারলাম না আমি। একটা ব্যাপার নিশ্চিত করতে পারি, এমনটাই চলতে থাকলে খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি, আগামী বছর আমার সূচিতে একটা টুর্নামেন্ট বাদ পড়বে।’নাদালের এই হুমকিকে সমর্থন দিয়ে জোকোভিচ বলেছেন, আয়োজকেরা একরকম মিথ্যাচার করেছেন তাঁদের সঙ্গে। বলা হয়েছিল, কোর্টের রংটাই শুধু পাল্টাচ্ছে, কিন্তু ধরন থাকবে একই রকম। জোকোভিচের দাবি, দুই কোর্টের মধ্যে বিস্তর ফারাক। শীর্ষ দুই টেনিস তারকার হুমকির পর নড়েচড়ে বসেছে এটিপি। পেশাদার পুরুষ টেনিসের নিয়ন্ত্রক সংস্থা বলেছে, মাদ্রিদ ওপেনে নীল রং এ বছরের জন্য পরীক্ষামূলকভাবে করা হয়েছে। এ ব্যাপারে খেলোয়াড়দের মতামত সাপেক্ষে আগামীবারের টুর্নামেন্টের কোর্টের রং ঠিক করা হবে।