নেই আর অরণ্য নিনাদ!

কিনশাসার টোয়েন্টিয়েথ মে স্টেডিয়ামের পরশুর সকালটা ছিল আর দশটা সকালের মতোই। বাচ্চাকাচ্চারা এদিক-ওদিক খেলছে, কেউ কেউ লাথি মারছে বলে। কোথাও কোনো বিশেষ উপলক্ষের চিহ্নমাত্র নেই। কে বলবে, ঠিক ৪০ বছর আগের এই দিনে এখানে হয়েছিল শতাব্দীর সবচেয়ে বিখ্যাত বক্সিং লড়াইগুলোর একটি? কে বলবে, এই সুনসান স্টেডিয়াম সেদিন কেঁপে উঠেছিল দুই বিশ্বসেরা বক্সারের বজ্রনিনাদে? বলবেই বা কীভাবে, সেই ম্যাচের স্মৃতিধন্য বক্সিং রিংটাই যে উধাও হয়ে গেছে!
৩০ অক্টোবর, ১৯৭৪। মঞ্চ প্রস্তুত মোহাম্মদ আলী ও জর্জ ফোরম্যানের মহাকাঙ্ক্ষিত দ্বৈরথের। আলীর বয়স তখন ৩২ পেরিয়েছে, তার বছর কয়েক আগে ‘ফাইট অব দ্য সেঞ্চুরিতে’ হেরে গেছেন জো ফ্রেজিয়ারের কাছে। ফোরম্যান ২৫ বছরের টগবগে তরুণ, ক্ষিপ্রতা আর গতিতে তাঁর সঙ্গে পেরে ওঠা কঠিন। সেদিন আলী দেখিয়ে দিয়েছিলেন কেন তাঁকে সর্বকালের সেরা মুষ্টিযোদ্ধা বলা হয়। দুর্দান্ত এক লড়াইয়ে অষ্টম রাউন্ডে নকআউট করেছিলেন ফোরম্যানকে। সেদিনের জায়ারে, আজকের কঙ্গোতে হয়েছিল লড়াইটি, ইতিহাসে যেটি পরিচিত ‘রাম্বল ইন দ্য জাঙ্গল নামে’।
৪০ বছর আগের সেই দিনে কিনশাসার দ্বৈরথ যাঁদের রক্তে নাচন জাগিয়েছিল, বয়স তাঁদের চোখে পরিয়েছে ধূসর চশমা। কঙ্গো সরকারও যেন বেমালুম ভুলে গেল দিনটি। স্থানীয় পত্রপত্রিকায় ম্যাচটির নামগন্ধও নেই, যেন সেটা কোনো প্রাগৈতিহাসিক যুগের স্মৃতি। আরও যেটি দুঃখজনক, সেই মঞ্চের স্মৃতি বলতে এখন কিছুই নেই। স্টেডিয়ামটিকেই নতুন করে সাজানো হয়েছে, নতুন নামও দেওয়া হয়েছে—রাফায়েল টাটা স্টেডিয়াম। ৬৪ বছর বয়সী পিয়েরে টিকিট না পেয়ে সেই ম্যাচটা দেখেছিলেন টিভিতে। তাঁর উষ্মা, ‘আমরা না হয় ভুলে গেছি, সরকারের তো এটা মনে করিয়ে দেওয়া উচিত ছিল’।
রিংটা চুরি হয়ে যাওয়া মেনে নেওয়া যায় না। অথচ সেটি চুরি হয়েছে বছর কয়েক আগে। স্টেডিয়ামের ব্যবস্থাপক বার্থেলেমি বোসোঙ্গো জানাচ্ছেন, ‘আমরা জানি না এটা এখন কোথায়, তবে কিনশাসায় নেই এটা নিশ্চিত। আমরা একটা বিচার বিভাগীয় তদন্তের ব্যবস্থা করছি।’ নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন ক্রীড়া সংগঠক জানিয়েছেন, রিংটা দক্ষিণ আফ্রিকায় চলে গেছে।
এই রিংয়ে ইতিহাসের অংশ হয়ে থাকা দুই বক্সারের একজন ফোরম্যান এখনো ভালো আছেন। কিন্তু ৭২ বছর বয়সী আলী ভালো নেই, ৩০ বছর ধরে পারকিনসন্সের আঘাত সয়ে চলা শরীরটা খুব ক্লান্ত। তারপরও এই ক্লান্তির মধ্যে অরণ্যের সেই নিনাদ একটু সঞ্জীবনী সুধারই স্বাদ দেয় সর্বকালের সেরা বক্সারকে। এএফপি।