নেইমার আক্রমণের শিকার: স্কলারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাউলের শিকার হচ্ছেন ব্রাজিলীয় খেলোয়াড়েরা। কোচ স্কলারির ক্ষোভ। ছবি: এএফপি
ফাউলের শিকার হচ্ছেন ব্রাজিলীয় খেলোয়াড়েরা। কোচ স্কলারির ক্ষোভ। ছবি: এএফপি

কিছুদিন ধরে আশঙ্কাটা প্রকাশ করছিলেন লুইস ফেলিপে স্কলারি। আক্রমণের লক্ষ্য করা হচ্ছে তাঁর দলের প্রধান অস্ত্র নেইমারকে। সেই আশঙ্কাটা অক্ষরে অক্ষরে ফলে গেল। কলম্বিয়ার বিপক্ষে কেবল চোটই পেলেন না নেইমার, তাঁর বিশ্বকাপটাই শেষ হয়ে গেল।

দলের প্রাণভোমরাকে হারিয়ে স্বাভাবিকভাবেই বিহ্বল-ক্ষুব্ধ ব্রাজিলীয় কোচ। তাঁর ক্ষোভটা কেবল কলম্বিয়ার জুনিগার ওপরই নয়, গোটা ফুটবল-বিশ্বের ওপরই, ‘তিন ম্যাচ ধরে আমি একই কথা বলছি। আক্রমণের শিকার হচ্ছে নেইমার। কিন্তু অন্য দেশগুলো বলছিল, এটা সত্যি নয়।’

কাল কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে দারুণ জয়টাও যেন ঢাকা পড়ে গেছে নেইমারের কারণে। কলম্বিয়ান ডিফেন্ডার জুনিগার হাঁটুর আঘাতে মেরুদণ্ডের একটি অস্থিসন্ধি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁর। ম্যাচের ৮৮ মিনিটে ঘটা এ ঘটনা গোটা ব্রাজিলকে করেছে শোকস্তব্ধ।

আঘাতের ধরনটা ভয়াবহ। দলের চিকিত্সক রদ্রিগো লাসমা জানিয়েই দিয়েছেন, নেইমারের বিশ্বকাপ শেষই হয়ে গেছে। এই আঘাত থেকে সেরে উঠতে কয়েক সপ্তাহ নিরবচ্ছিন্ন বিশ্রামের প্রয়োজন তাঁর।

মাঠে ভেতরে এত বড় একটা ঘটনা ঘটে গেল অথচ রেফারি ছিলেন নির্বিকার। ব্রাজিলীয় অধিনায়ক থিয়াগো সিলভার প্রসঙ্গ টেনে স্কলারি বললেন, ‘নেইমারকে এত বড় আঘাত করার পরও হলুদ কার্ড দেওয়া হলো না। অথচ কোনো কারণ ছাড়াই সিলভাকে হলুদ কার্ড দেওয়া হলো।’

চিলির বিপক্ষের ম্যাচে বেশ কয়েকবার ফাউলের শিকার হন নেইমার। হ্যামস্ট্রিংয়ে চোট পান, ঊরু ফুলে যায়। হাঁটুর ব্যথা তো ছিলই। নেইমারের শরীরের বিভিন্ন জায়গায় ছিল চিলিয়ানদের ‘মারধরের’ চিহ্ন। কোয়ার্টার ফাইনালে তিনি খেলতে পারবেন কি না, এ নিয়ে সংশয় জেগেছিল। সেই সংশয় দূর করে মাঠে নেমেছিলেন নেইমার। কিন্তু ফল হলো উল্টো। বিশ্বকাপটাই শেষ হয়ে গেল ব্রাজিলীয় ফরোয়ার্ডের। দলের প্রাণভোমরার অভাবটা পূরণ করা যে মোটেও সহজ হবে না, অভিজ্ঞ স্কলারি সেটা খুব ভালোভাবেই জানেন।  সূত্র: এএফপি।