নেইমার একদিন মেসি হবেন!

এই তো কদিন আগের কথা। ক্যামেরুনের বিপক্ষে ম্যাচ শেষে মুগ্ধ লুইস ফেলিপে স্কলারি ঘোষণা, ‘আর্জেন্টিনার যেমন আছে মেসি, আমার আছে নেইমার। নেইমারই ব্রাজিলের মেসি।’ ব্রাজিল কোচের দাবির সঙ্গে দ্বিমত করার লোক এ মুহূর্তে খুব একটা পাওয়া যাবে না। এই তুলনায় যেমন আছে বর্তমানের ঘোষণা, তেমনি লুকিয়ে অনেক আশা আর সম্ভাবনা। এই বয়সে ব্রাজিলের ‘মেসিয়াহ’ হওয়াও চাট্টিখানি কথা নয়। তবে এই বৃত্ত ভাঙার প্রতিভা-সামর্থ্যও তো তাঁর আছে! ব্রাজিলের মেসি থেকে কবে আসল মেসির মতো হবেন নেইমার? থিয়াগো সিলভার বিশ্বাস, সেই দিনটি আসবেই। নেইমার একদিন ঠিকই হবেন মেসি!
এই বিশ্বকাপে দুজন এখন ‘কেউ কারে নাহি ছাড়ে সমানে সমান।’ গত কালকের আগে মুলারের সঙ্গে ৪ গোল নিয়ে দুজনই ছিলেন গোল্ডেন বুটের লড়াইয়ের শীর্ষে। দলকে এভাবে একার কাঁধে বয়ে নিয়ে যাচ্ছেন দুজন, তাতে গোল্ডেন বলও হাতছানি দিচ্ছে। তবে এমনিতে তো আর দুজনের তুলনা চলে না। চারবারের ফিফা বর্ষসেরা মেসি, ব্যক্তিগত অর্জনের ঝুলি তাঁর েচয়ে সমৃদ্ধ নয় সময়ের আর কারও। ক্লাব ফুটবলেও দলীয় সাফল্যে অধরা নেই আর কিছুই। নেইমারের সেখানে কেবল বিশ্বতারকা হয়ে ওঠার শুরু। বলা চলে মেসির পথ ধরে হাঁটা শুরু করেছেন মাত্র। তো মেসির গন্তব্যে কি পেঁৗছাতে পারবেন?
থিয়াগো সিলভার কোনো সংশয়ই নেই, ‘মেসি বিশ্বসেরা ফুটবলারদের একজন, সর্বকালের সেরাদের একজন। কিন্তু নেইমারও দ্রুতই উন্নতি করছে, ক্রমেই উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হচ্ছে। দারুণ প্রতিভাবান সে, সেটার প্রতিফলন পড়ছে এই বিশ্বকাপের প্রতিটি ম্যাচেও। টেকনিক্যালি যদি বলি, মেসির সব স্কিলই আছে নেইমারের। মেসি সেরাদের সেরার কাতারে, কিন্তু নেইমারেরও সেই পর্যায়ে না যাওয়ার কারণ নেই। আমি নিশ্চিত, নেইমার একদিন ঠিকই মেসির পর্যায়ে যাবে।’
নেইমার-কীর্তনের এই সময়টায় ব্রাজিল অধিনায়কের পাশেই ছিলেন স্কলারি। একই প্রসঙ্গে টানা হলো তাঁকেও। মৃদু হাসিতে ব্রাজিল কোচের উত্তর, ‘থিয়াগো তো মাত্রই বলে দিল! মেসি সবচেয়ে বড় তারকাদের একজন, সবার সেরা। কিন্তু নেইমার সেই পথই অনুসরণ করছে।’
স্কলারির শেষ কথাটিই আসলে বাস্তবতা। তবে সেই বাস্তবতার ধার ধারেন কজন! ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ অভিযান শেষ। এখন মেসি সেরা না নেইমার, চলছে এই বিতর্ক। এই বিশ্বকাপও দুজনকে পাশাপাশি রেখে যেন নিত্য ঘি ঢালছে বিতর্কের আগুনে। তবে সেই আগুনের আঁচ স্পর্শ করতে পারেনি স্কলারিকে। ২২ বছর বয়সী নেইমারের সঙ্গে ২৭ বছর বয়সী মেসির তুলনায় রাজি নন ব্রাজিল কোচ, ‘১০-১৫ বছর পরই কেবল আমি বলব দুজনের সেরা কে।’ সঙ্গে দল-অন্তঃপ্রাণ হিসেবে নিজের শিষ্যকে নিয়ে গর্বও করলেন বিগ ফিল, ‘নেইমার নিজে সেরা হওয়ার জন্য খেলে না। ব্রাজিলের জন্য খেলে, ব্রাজিলকে বুকে ধারণ করে মাঠে নামে। সে ব্রাজিলকে বিশ্ব চ্যাম্পিয়ন দেখতে চায়।’
সেই স্বপ্নপূরণের পথে নেইমার একধাপ এগিয়ে গেছেন না থমকে গেছে স্বপ্ন, এই লেখা পড়ার সময় সবারই জানা হয়ে যাওয়ার কথা। গত রাতেই কোয়ার্টারে ওঠার লড়াইয়ে চিলির মুখোমুখি হয়েছিল নেইমারের ব্রাজিল।