
১১ মিনিটে মার্সেলোর আত্মঘাতী গোল, ২৭ মিনিটে নেইমারের হলুদ কার্ড৷ অ্যারেনা করিন্থিয়ান্সের গর্জন তখন থেমে গেছে, ভারী হচ্ছে গ্যালারির নিঃশ্বাস৷ স্তিমিত গ্যালারিকে জাগানোর দায়িত্ব নিলেন ব্রাজিলের স্বপ্নের সারথিই৷ হলুদ কার্ড দেখার ২ মিনিট পর ২০ গজ দূর থেকে নেইমারের গড়ানো শট আশ্রয় নিল জালে৷ পরে পেনাল্টি থেকে আরেক গোলে এগিয়ে নিলেন দলকে৷ শেষ বাঁশির খানিক আগে রামিরেসকে জায়গা দিতে যখন মাঠ ছাড়ছেন নেইমার, দাঁড়িয়ে তখন পুরো গ্যালারি৷ বিশ্বকাপ অভিষেকে দুই গোলে ম্যাচসেরা নেইমারই৷
বিশ্বকাপের দ্বিতীয় দিনের তিন ম্যাচেও ম্যান অব দ্য ম্যাচ বেছে নেওয়া কঠিন ছিল না খুব একটা৷ রবিন ফন পার্সির যদিও একজন প্রতিদ্বন্দ্বী ছিল, ডাচ অধিনায়কের মতো রোবেনও করেছেন দুই গোল৷ করতে পারতেন আরও অন্তত দুটি৷ তবে উড়ন্ত হেডে সমতা ফেরানো সেই অসাধারণ গোলেই আসলে ম্যাচসেরায় সবাইকে ছাড়িয়ে গেছেন ফন পার্সি৷ জিওভান্নি দস সান্তোস আবার সেরা হয়েছেন গোল না করেই৷ অথচ নামের পাশে থাকতে পারত হ্যাটট্রিক! দু-দুটি গোল লাইনসম্যান বাতিল করে দিয়েছেন বিতর্কিতভাবে, নিজে মিস করেছেন কয়েকটি৷ মেক্সিকোকে জয় এনে দেওয়া অরিবে পেরালতার গোলটিও এসেছে দস সান্তোসের শট থেকে ফিরতি বলে৷
চিলির বিশ্বকাপ অভিযান অনেকটাই নির্ভর করছে অ্যালেক্সিজ সানচেজের ওপর৷ বার্সেলোনায় ব্যর্থ হলেও লা লিগায় এবার নিজের সেরা মৌসুম কাটিয়েছেন৷ পরশু অস্ট্রেলিয়ার বিপক্ষে দলকে এগিয়ে দেন ১২ মিনিটেই৷ দুই মিনিট পর আবার তিনি গোলের সামনে৷ এবার নিজে না নিয়ে বানিয়ে দিলেন হোর্হে ভালদিভিয়াকে৷ ম্যাচসেরা নির্বাচনে তাই ভাবতে হয়নি একটুও!