নেইমার কি স্ট্রাইকার হিসেবে খেলবেন?
বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশ সময় কাল ভোর সাড়ে পাঁচটায় চিলির মুখোমুখি হবে ব্রাজিল। মারাকানা স্টেডিয়ামে এ ম্যাচটা ব্রাজিলের জন্য শুধুই আনুষ্ঠানিকতার। কাতার বিশ্বকাপে খেলার টিকিট আগেই নিশ্চিত করেছে তিতের দল। ১৫ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল। সংবাদমাধ্যম জানিয়েছে, চিলির বিপক্ষে ম্যাচে আক্রমণভাগে সামনে দেখা যেতে পারে নেইমারকে।
সাম্প্রতিক সময়ে ইউরোপের ক্লাব ফুটবলে সমালোচনার সম্মুখীন হয়েছেন নেইমার। অভিযোগ উঠেছে, ফুটবল থেকে মনোযোগ সরেছে নেইমারের। পিএসজির অনুশীলনেও মন নেই, কিংবা অনুশীলনে এলেও মাতাল থাকেন। কিন্তু ব্রাজিলের জার্সিতে নেইমার এসব সমালোচনা পেছনে ফেলে ভালো করবেন বলেই আশাবাদী সমর্থকেরা। ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো’ জানিয়েছে, চিলির বিপক্ষে ম্যাচে নেইমারকে স্ট্রাইকার হিসেবে খেলাতে পারেন ব্রাজিল কোচ তিতে।
সংবাদমাধ্যমটি এ নিয়ে খোলাসা করে কিছু না বললেও সাবেক কোচ মানো মেনেজেসের সময়ের উদাহরণ টেনেছে। ব্রাজিল কোচ হিসেবে মেনেজেসের শেষ ম্যাচ ছিল ২০১২ সালে আর্জেন্টিনার বিপক্ষে ‘সুপারক্লাসিকো’। সে ম্যাচে টানা পঞ্চমবারের মতো নেইমারকে আক্রমণভাগের একদম শেষে খেলান মেনেজেস। এই পাঁচ ম্যাচে সাত গোল করেছিলেন নেইমার, চীনের বিপক্ষেই করেছিলেন তিন গোল।
নেইমারকে অ্যাটাকিং থার্ডে সবার সামনে খেলানোর পেছনে মেনেজেসের ব্যাখ্যা ছিল, পিএসজি তারকা যতটা না খেলা বানান, তার চেয়ে গোল করাতেই বেশি দক্ষ। একজন সত্যিকার ফিনিশার। কিন্তু তিতে আসার পর বেশির ভাগ ম্যাচে নেইমারকে আক্রমণভাগে একটু পেছনে খেলতে দেখা যায়। বাঁ প্রান্ত থেকে দৌড়ে ভেতরে ঢোকেন কিংবা খেলা বানান, আবার সুযোগ বুঝে গোলও করেন। সে ক্ষেত্রে নেইমারের সামনে খেলবেন কে, অর্থাৎ স্ট্রাইকারের ভূমিকায় কে?
চোটে পড়া ম্যাথিউস কুনিয়া নেই। গাবিগোল ও রিচার্লিসনরা স্ট্রাইকার হিসেবেও তেমন ভালো করতে পারেননি। ভালো স্ট্রাইকার না থাকায় গোল করার দায়িত্বটা নেইমারের কাঁধে তুলে দিতে পারেন তিতে। তাঁর পেছনে সঙ্গী হিসেবে দেখা যেতে পারে লুকাস পাকেতাকে। গত বিশ্বকাপের পর ব্রাজিল এ পর্যন্ত ৮৯ গোল করেছে। নেইমার এর মধ্যে ১৩ গোল করার পাশাপাশি ১৬টি গোল বানিয়েছেন। অর্থাৎ, গোল করার চেয়ে গোল বানানোর ভূমিকায় এ সময় বেশি দেখা যাচ্ছে নেইমারকে। কারণ, ভালো স্ট্রাইকার নেই ব্রাজিলের। আর তাই নেইমারকে কোন পজিশনে খেলাবেন, আক্রমণভাগে সবার শেষে না ‘ফলস নাইন’ নাকি উইংয়ে—তা ঠিক করার দায়িত্ব তিতেরই।