নেইমার নন, প্রথম কিক 'আয়রন-ম্যানে'র!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধাতব পোশাকের পাশে নিওরোসায়েন্টিস্ট মিগুয়েল নিকোলেলিস। এটি পরেই কোনো পক্ষঘাতগ্রস্ত ব্যক্তি প্রথম ম্যাচেই বলে কিক নেবেন। ছবি: রয়টার্স।
ধাতব পোশাকের পাশে নিওরোসায়েন্টিস্ট মিগুয়েল নিকোলেলিস। এটি পরেই কোনো পক্ষঘাতগ্রস্ত ব্যক্তি প্রথম ম্যাচেই বলে কিক নেবেন। ছবি: রয়টার্স।

বিশ্বকাপের পর্দা উঠবে ১২ জুন। প্রথম দিনই সাও পাওলোর কারিন্থিয়ানস অ্যারেনায় নামবে ব্রাজিল-ক্রোয়েশিয়া। ‘কিক-অফ’ হবে কার পা থেকে—সেটি নিয়েও মানুষের কৌতূহল কিন্তু কম নয়। ভাবছেন, কে আর নেবেন? হয় ব্রাজিলের নেইমার না হয় মারিও মানজুকিচ। ভুল! দুদলের কোনো স্ট্রাইকারই বলে শট নেবেন না, নেবেন এক ধাতব-মানব!
ধাতব-মানব শব্দটি শোনামাত্র হয়তো অনেকের মনে ভেসে উঠবে বক্সঅফিস কাঁপানো ছবি ‘আয়রন ম্যান’-এর টনি স্টার্কের (রবার্ট ডাউনি জুনিয়র) চেহারা। এবার আর রুপালি পর্দা নয়, ধাতব মানব হাজির হচ্ছেন ফুটবল মাঠে, তা-ও আবার বিশ্বকাপে প্রথম শটটি নিতে!
ডিউক বিশ্ববিদ্যালয়ের নিওরোসায়েন্টিস্ট মিগুয়েল নিকোলেলিস ও তাঁর গবেষক দল এক অত্যাধুনিক রোবোটিক এক্সোস্কেলেটন বা ধাতব বহির্পোশাক তৈরি করেছেন। যেটি পরলে যেকেনো পক্ষঘাতগ্রস্ত মানুষ স্বয়ংক্রিয়ভাবে হাঁটতে পারবেন। অনেকটা আয়রন ম্যানের মতোই। কৃত্রিম চামড়ার মাধ্যমে পায়ের ডিভাইসের ইলেকট্রনিক সার্কিটগুলো ফিরতি সংকেত দেবে, যেটি নড়াচড়া ও যোগাযোগের সংবেদন সৃষ্টি করবে। এ ডিভাইসের নাম রাখা হয়েছে, ‘ব্রা-সান্তোস দুমোঁ’ BRA-Santos Dumont; ‘ব্রা’ মানে ব্রাজিলের প্রথম তিনটি অক্ষর আর ‘সান্তোস দুমোঁ’ হচ্ছে—বিখ্যাত ব্রাজিলিয়ান বিমানচালক ও আবিষ্কারক আলবের্তো সান্তোস দুমোঁ’।
এ ধাতব পোশাক কিন্তু কয়েক দিনের নোটিশে আবিষ্কার হয়নি, কিংবা ব্রাজিলের বিশ্বকাপ সামনে রেখেও হয়নি। এটি দীর্ঘ ৩০ বছরে বিশ্বের নানা প্রান্তের ১৫৬ বিজ্ঞানীর পরিশ্রমের ফসল। নিকোলেলিস এ নিয়ে প্রথম কাজ শুরু করেন ১৯৮৪ সালে, যখন তিনি পেশির নিয়ন্ত্রণে স্নায়ুর সংযোগের ওপর পিএইচডি থিসিস লিখছিলেন। এ দীর্ঘ সময়ে ধাতব পোশাকের ওপর ২০০-এর বেশি বৈজ্ঞানিক গবেষণাপত্র প্রকাশ হয়েছে। বেশুমার পরীক্ষা-নিরীক্ষা হয়েছে। ২০০২ সালে তাঁর কাছে গবেষণার বিষয়টি আরও যুক্তিযুক্ত হয়, যখন বিজ্ঞানীরা রোবোটিক এক্সোস্কেলেটন নিয়ে কাজ শুরু করেন।
নিকোলেলিস বললেন, ‘২০০৯ সালে যখন জানলাম ব্রাজিল বিশ্বকাপের আয়োজক হচ্ছে, তখন আমাকে বলা হলো বিষয়টি ব্রাজিলে এমনভাবে দেখানো হোক, যাতে গোটা বিশ্ব সেটা দেখতে পারে।’  অবশ্য এ আবিষ্কার নিয়ে কিছুটা বিতর্কও সৃষ্টি হয়েছে। বিশেষ করে এ গবেষণার পেছনে ব্রাজিল সরকারের অর্থব্যয় নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। এ ব্যাপারে নিকোলেলিসের জবাব, ‘বিশ্বকাপ হলে কিংবা না হলেও অর্থায়নের পরিমাণ একই হতো। গত দুই বছরে আমরা সরকার থেকে ১৪০ লাখ মার্কিন ডলার পেয়েছি। যুক্তরাষ্ট্র সরকার এ ধরনের গবেষণার পেছনে যত ব্যয় করে তার চেয়ে অন্তত চার কিংবা পাঁচগুণ কম।’ এএফপি।