নেইমার-পার্সির পিছু নিয়েছে সিটি
সার্জিও আগুয়েরো, সামির নাসরি, কার্লোস তেভেজ, মারিও বালোতেল্লি...। ম্যানচেস্টার সিটির আক্রমণভাগে তারকা খেলোয়াড়ের তালিকাটা লম্বা। দলবদলের বাজারে সিটি মিলিয়ন মিলিয়ন পাউন্ড খরচ করে খেলোয়াড় কিনছে তো কিনছেই। সিটি কোচ রবার্তো মানচিনির চোখ এবার ব্রাজিলিয়ান স্ট্রাইকার নেইমার আর আর্সেনালের ডাচ স্ট্রাইকার রবিন ফন পার্সির দিকে।আরও খেলোয়াড় কিনব—সিটির ইতালিয়ান কোচ কদিন আগেই এ ঘোষণা দিয়েছেন। মানচিনির এ ঘোষণায় ফুটবল-বিশ্বে প্রশ্ন—আসলে কী করতে চায় সিটি? উত্তর তো মৌসুমের শুরুতেই দিয়ে রেখেছে সিটি। লিগ আর চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বপ্ন তাদের বুকে।নেইমারকে পাওয়ার ইচ্ছা জানিয়ে সিটি আসলে রিয়াল মাদ্রিদের সঙ্গেই লড়াইয়ে নেমে গেছে। নেইমারকে রিয়াল অনেক দিন ধরেই চাইছে। কদিন আগের গুঞ্জন, নেইমার গোপনে রিয়াল মাদ্রিদের মেডিকেল টেস্টও শেষ করে ফেলেছেন। কিন্তু নেইমার এই গুঞ্জন অপপ্রচার বলে উড়িয়ে দিয়েছেন।নেইমারকে যখন রিয়াল মাদ্রিদ এখনো তাদের দলে নাম লেখাতে পারেনি, তাহলে সিটির আশা তো থাকেই। আর টাকা তো কোনো ব্যাপারই নয় সিটির জন্য! নেইমারের জন্য নাকি ৫০ মিলিয়ন পাউন্ড খরচ করতেও রাজি আছে মানচিনির সিটি।ফন পার্সিকে গ্রীষ্মের দলবদলেই চেয়েছিল সিটি। ফরাসি মিডফিল্ডার সামির নাসরিকে পেলেও তখন ফন পার্সিকে পায়নি। তবে এখনো আশা ছাড়েনি ম্যানচেস্টারের দলটি, ফন পার্সিও নাকি ছাড়তে চাইছেন আর্সেনাল। এ দুজনকে পেলেও খেলোয়াড় কেনার স্বাদ কি মিটবে সিটির? কোচ মানচিনিই তো বলেছেন, কয়েকজন মিডফিল্ডারও প্রয়োজন তাঁর। ওয়েবসাইট।