নেইমার বার্সার আলো

চ্যাম্পিয়নস লিগে আয়াক্স আর লা লিগায় বিলবাওয়ের কাছে পর পর দুটি ম্যাচে হারের স্মৃতি। পরে কার্তাগেনার সঙ্গে কোপা দেল রেতে বার্সেলোনা জিতেছে বটে, তবে দ্বিতীয় বিভাগের একটা দলকে হারিয়ে কি আর মন ভরে? তার জন্য দরকার শক্ত প্রতিপক্ষ আর মন ভরানো পারফরম্যান্সও।
এদিকে লিওনেল মেসি নেই, নেই আন্দ্রেস ইনিয়েস্তা আর সেস্ক ফ্যাব্রিগাসও। সেল্টিকের বিপক্ষে ম্যাচে নজরটা তাই সবচেয়ে বেশি ছিল তাঁর ওপর। কিংবা হতে পারে ফুটবল-বিধাতাই পরশু এমন মঞ্চ প্রস্তুত করে রেখেছিলেন নেইমারের জন্য!
৩৯ মিনিটেই পেদ্রোকে দিয়ে একটা গোল করালেন। তার আগে জেরার্ড পিকের গোল মিলিয়ে বার্সেলোনা এগিয়ে গেল ২-০ ব্যবধানে। তখনো বোঝা যায়নি কী করতে যাচ্ছেন নেইমার।
মার্টিন মনতোয়ার পাসে বল পেয়ে একেবারে ফাঁকা পোস্টে নিজের প্রথম গোলটা দিলেন। প্রথমার্ধের শেষ মিনিটের খেলা চলছে তখন। বিরতির পর মাঠে নামার তিন মিনিটের মধ্যে জাভির সঙ্গে ওয়ান-টু খেলে দ্বিতীয় যে গোলটা করলেন শুধু সেটির জন্যই তাঁকে ম্যাচের সেরা খেলোয়াড় বলে দেওয়া যায়। কিন্তু নেইমার-জাদু যে তখনো শেষ হয়নি! ৫৮ মিনিটে তৃতীয় গোলটা করলেন একেবারে নিজের প্রচেষ্টায়। ডান দিক থেকে গিয়ে অবিশ্বাস্য ড্রিবলিংয়ে সেল্টিকের সেন্ট্রাল ডিফেন্ডার আমব্রোসকে পেরিয়ে গেলেন, যেন বল নিয়ে স্রেফ হাওয়ায় মিলিয়ে গেলেন! এরপর গোলরক্ষককে ফাঁকি দিয়ে ডান পায়ের বুলেট শট।
১৩ মিনিটে তিন গোল। বার্সেলোনার হয়ে নেইমারের প্রথম হ্যাটট্রিক, চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে চতুর্থ দ্রুততম। ব্যক্তিগত এমন অর্জনের পাশাপাশি দলও দারুণ জয় পেয়েছে বলেই হয়তো উচ্ছ্বাস একটু বেশি নেইমারের, ‘আমি দারুণ আনন্দিত। শুধু নিজে তিন গোল করেছি বলে নয়, দল জিতেছে, গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বলেও।’ মেসি-ইনিয়েস্তা আর ফ্যাব্রিগাসরা না থাকায় তাঁর কাছে যে বাড়তি প্রত্যাশাটুকু ছিল সেটা পুরোপুরি মিটিয়ে দিয়েছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার। এমন একজনকে নিয়ে স্বভাবতই উচ্ছ্বসিত কোচ জেরার্ডো মার্টিনোও, ‘আমার কাছে সবচেয়ে বিস্ময়কর ও দলের সঙ্গে যেভাবে একাত্ম থাকে, যেভাবে প্রতিপক্ষের কাছ থেকে বল কেড়ে নেওয়ার চেষ্টা করে—ওর মতো ফুটবলারের জন্য এটা বিরল।’ ওয়েবসাইট।
দ্রুততম হ্যাটট্রিক
বাফেতিম্বি গোমিস
৭ মিনিট, লিওঁ-ডায়নামো জাগরেব, ২০১১
মাইক নিউয়েল
৯ মিনিট, ব্ল্যাকবার্ন-রোজেনবর্গ, ১৯৯৫
মার্কো ফন বাস্তেন
১১ মিনিট, মিলান-গুটেনবার্গ, ১৯৯২
নেইমার
১৩ মিনিট, বার্সেলোনা-সেল্টিক, ২০১৩
ক্লদিও পিজারো
১৫ মিনিট, বায়ার্ন-লিল, ২০১২