নেইমার-বেলের 'প্রথম'

কারও কারও অনুপস্থিতিও কী প্রবলভাবেই তাঁর উপস্থিতি জানান দেয়!
হোসে মরিনহো যেমন। ন্যু ক্যাম্পে আজ যখন রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে বার্সেলোনার, মরিনহো থাকবেন প্রায় দেড় হাজার কিলোমিটার দূরে। স্টামফোর্ড ব্রিজে বসে হয়তো ছক কষছেন ম্যানচেস্টার সিটিকে হারানোর।
কিন্তু সাবেক রিয়াল কোচের আজ ন্যু ক্যাম্পে অদৃশ্য উপস্থিতি থাকবে তাঁর রেখে যাওয়া অদ্ভুত সব কাজের স্মৃতিতে, বিতর্কিত মন্তব্যে, এল ক্লাসিকোর রোমাঞ্চ বাড়িয়ে দেওয়া বিচিত্র এক ‘চরিত্র’ হিসেবে। তিন মৌসুম রিয়ালের কোচ হিসেবে বার্সেলোনার বিপক্ষে ম্যাচগুলোতে কী করেননি মরিনহো! এই পেপ গার্দিওলাকে খোঁচাচ্ছেন তো আবার টিটো ভিলানোভার চোখে আঙুল দিচ্ছেন, কখনো গায়ে জ্বলুনি ধরা কোনো মন্তব্য করছেন লিওনেল মেসিকে নিয়ে। এল ক্লাসিকোর চিরাচরিত উত্তেজনা যেন আরেকটু মাত্রা পেয়েছিল মরিনহো রিয়ালের কোচ থাকার সময়ে।
সেই মরিনহো আজ থাকছেন না, নেই তাঁর একসময়ের শত্রু পেপ গার্দিওলাও। রিয়াল ও বার্সেলোনার নতুন দুই কোচ কার্লো আনচেলত্তি ও জেরার্ডো মার্টিনোকে এই কদিনেই বোঝা গেছে মাঠ ও মাঠের বাইরে তাঁরা নিপাট ভদ্রলোক। বাড়তি কোনো বিতর্ক কিংবা উত্তেজনার জন্ম দেওয়া তাঁদের কাজ নয়। মরিনহোর অনুপস্থিতির অনুভব এ কারণেই। কিছুটা তাঁর সাবেক প্রতিদ্বন্দ্বী পেপ গার্দিওলার জন্যও।
দুই কোচের বিদায়ে এল ক্লাসিকোর কমে আসা উত্তেজনার কিছুটা পুষিয়ে দেওয়ার জন্যই যেন এবার নতুন দুই তারকার আগমন। গ্যারেথ বেল ও নেইমার। বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার হিসেবে রিয়ালে যোগ দেওয়া বেল আর বার্সেলোনার নতুন ‘সেনসেশন’ নেইমারের এই প্রথম এল ক্লাসিকো। তবে হুলুস্থুল ফেলে রিয়ালে যোগ দেওয়ার পর বেল সেটা যৌক্তিক প্রমাণ করার সুযোগ পাননি সেভাবে। চোটের কারণে এখন পর্যন্ত মাত্র ৪টি ম্যাচে খেলে গোল করেছেন একটি। তুলনায় একটু বেশি সুযোগ পাওয়া নেইমারও আহামরি কিছু করেননি বার্সায়। ১৩ ম্যাচে তাঁর গোল ৩টি। আজ প্রথমবারের বারের মতো প্রচণ্ড চাপের কোনো ম্যাচ খেলতে নামবেন দুজন। বড় উপলক্ষে কি পারবেন তাঁরা জ্বলে উঠতে? এক সাক্ষাৎকারে নেইমার কিন্তু বেশ আশাবাদ ব্যক্ত করেছেন, ‘এল ক্লাসিকো যেকোনো ফুটবলারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। সবাই এই ম্যাচে খেলতে চায় এবং সেরাটা দিতে চায়। এটা আমার প্রথম এল ক্লাসিকো এবং আমি চাই অভিষেকটা যাতে ভালো হয়।’ নেইমারের পূর্বসূরি ব্রাজিলিয়ানদের মধ্যে রোমারিও আর রিভালদো গোল করেছিলেন তাঁদের প্রথম এল ক্লাসিকোতেই। অন্যদিকে প্রথম ক্লাসিকো থেকে রোনালদিনহো আর রোনালদো ফিরেছিলেন খালি হাতে। আজ কোন দুজনের পথে হাঁটবেন বার্সেলোনা তারকা?
এল ক্লাসিকোর উত্তেজনায় নেইমার-বেল বাড়তি মাত্রা যোগ করতে পারেন কি না সেটা দেখতেই শুধু নয়, আরও কয়েকটি অন্তর্গত দ্বৈরথ আছে। প্রায় চার বছরের পুরোনো একটা দ্বৈরথ চোখ টানবে যথারীতি। ২০০৯ সালে ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকেই মেসির সঙ্গে তাঁর লড়াইটা বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় ব্যক্তিগত ফুটবল দ্বৈরথ। নেইমার-বেলদের নিয়ে আলোচনা হতে পারে, হয়তো সবাইকে চমকে দিয়ে প্রথম ক্লাসিকোতেই গোল করে ফেলতে পারেন ইসকো-ইয়ারামেন্দিরাও। কিন্তু এল ক্লাসিকো শেষ পর্যন্ত মেসি-রোনালদোরই ম্যাচ!
মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান মেসির পক্ষে। তবে সর্বশেষ পাঁচ সাক্ষাতে মেসির দল হারাতে পারেনি রোনালদোর রিয়াল মাদ্রিদকে। লিগ শীর্ষে থাকলেও গত সপ্তাহে ওসাসুনার সঙ্গে গোলশূন্য ম্যাচে পয়েন্ট হারিয়েছে বার্সেলোনা, এসি মিলানের সঙ্গে চ্যাম্পিয়নস লিগেও করেছে ড্র (১-১)। অন্যদিকে মালাগাকে ২-০ গোলে হারানো রিয়াল চ্যাম্পিয়নস লিগে জুভেন্টাসকে হারিয়েছে ২-১ গোলে। অবশ্য রিয়াল ডিফেন্ডার সার্জিও রামোস এটিকে বেশি গুরুত্ব দিতে নারাজ, ‘এই ধরনের ম্যাচ খেলার আগে কখনো আগের পরিসংখ্যান মাথায় রাখতে হয় না। এমনকি সর্বশেষ ম্যাচের ফলটাও।’
মেসি-রোনালদো কিংবা বার্সা-রিয়ালের ভক্তরা অবশ্য সেটা মাথায় রাখেন। প্রতিটি এল ক্লাসিকোর আগেই তাই আলোচনায় উঠে আসে দুই ক্লাবের আগের ফুটবলীয় পরিসংখ্যান, ঐতিহাসিকভাবে দুই দলের রাজনৈতিক ও সাংস্কৃতিক বৈরিতা।
এসব যে এল ক্লাসিকোর উত্তেজনার রসদও! এএফপি।