নেইমার ভুগছিলেন স্নায়ুচাপে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক বড় বড় ক্লাবের দৌড়ঝাঁপ থামিয়ে নেইমার শেষ পর্যন্ত নাম লিখিয়েছেন বার্সেলোনায়। চুক্তিপত্রে সই করে আগামী পাঁচ বছরের জন্য হয়ে গেছেন বার্সেলোনার। বার্সার সঙ্গে চুক্তি করতে পারার একটা আনন্দ ছিল, কিন্তু সই করার আগে নেইমার রীতিমতো স্নায়ুচাপে ভুগছিলেন। ‘আমার পাকস্থলীতে কেমন শীতল অনুভূতি হচ্ছিল’—পরশু রিও ডি জেনিরোতে বলেছেন নেইমার। চুক্তির আনুষ্ঠানিকতা শেষে ব্রাজিলের তরুণ স্ট্রাইকার এখন অপেক্ষায় আছেন ন্যু ক্যাম্পে সমর্থকদের সঙ্গে পরিচিত হওয়ার। আগামী সোমবারই যাবেন বার্সেলোনায়। আনুষ্ঠানিক পরিচয় পর্ব সেরে ফিরবেন দেশে। তবে এই মুহূর্তে তাঁর পুরো মনোযোগ ১৫ জুন শুরু হতে যাওয়া কনফেডারেশনস কাপের দিকে।বিশ্বকাপের এই মহড়া টুর্নামেন্ট জিতে নেইমার খুশি করতে চান ব্রাজিলিয়ানদের। পাশাপাশি এই বিশ্বাস ছড়িয়ে দিতে চান, আগের সব নৈরাশ্য পেছনে ফেলে বিশ্বকাপ সামনে রেখে ব্রাজিল হাঁটছে ঠিক পথেই, ‘আমি সেখানে (বার্সেলোনায়) যাচ্ছি বটে। তবে ব্রাজিলকে শিরোপা জেতানোর লক্ষ্যে পুরো মনোযোগ দিতে চাই কনফেডারেশনস কাপে। আমি আমার সর্বস্ব উজাড় করে দলকে সাহায্য করতে চাই। সতীর্থদের বল জোগান দেওয়ার পাশাপাশি দরকার হলে রক্ষণ কাজেও সাহায্য করব।’বার্সেলোনার সঙ্গে চুক্তি করতে পেরে নেইমার খুশি। খুশি অন্যরাও। যেমন রোনালদিনহো। ক্যারিয়ারের পাঁচটি বছর রোনালদিনহো কাটিয়েছেন বার্সেলোনায়। দুবার ফিফা বর্ষসেরাও হয়েছেন ন্যু ক্যাম্পে থাকতেই। উত্তরসূরিকেও সেই বার্সেলোনায় যেতে দেখে রোনালদিনহো উচ্ছ্বসিত, ‘তাকে বার্সেলোনায় খেলতে দেখাটা হবে দারুণ। বিশ্বের অন্যতম সেরা লিগে তারা (বার্সা) অসাধারণ এক ক্লাব। নিশ্চিতভাবেই সে নিজেকে মানিয়ে নিতে পারবে। কারণ, বিশ্বের সেরা খেলোয়াড় হতে যা যা দরকার, তার সবকিছুই তার মধ্যে আছে।’সপ্তাহ খানেক আগেও যিনি নেইমারকে ব্রাজিলেই থেকে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন, সেই ব্রাজিল কিংবদন্তি পেলেও বার্সেলোনায় সই করায় তরুণ ব্রাজিল স্ট্রাইকারকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। রয়টার্স, ওয়েবসাইট।