নেইমার মেসির চেয়ে পাঁচ বছর পিছিয়ে!
পেলে একটা মন্তব্য করবেন, তাতে চমক থাকবে না, তা হয় নাকি! কিন্তু এবার যে ব্রাজিল কিংবদন্তি উল্টে দিলেন নিজের করা মন্তব্যকেই। ঠিক একই মানের না হলেও নেইমার মেসি-রোনালদোর খুব কাছাকাছি— স্বদেশি সম্পর্কে এমন দাবি অতীতে অনেকবারই করেছেন। সেই পেলে এখন বলছেন, নেইমার অভিজ্ঞতায় মেসির চেয়ে পাঁচ বছর পিছিয়ে! তবে সঙ্গে এটাও যোগ করেছেন, এরই মধ্যে নেইমার ‘বিশ্বের অন্যতম পরিপূর্ণ খেলোয়াড়’।
ইউরোপই একজন ফুটবলারের সত্যিকারের বিকশিত হওয়ার জায়গা—এ কথা অস্বীকার করার উপায় নেই। কঠিন প্রতিদ্বন্দ্বিতার সেই রোমাঞ্চকর মঞ্চে মেসি-রোনালদোরা খেলছেন ক্যারিয়ারের শুরু থেকেই। সেখানে বয়সেও অনেক ছোট নেইমার ব্রাজিলের সান্তোস ছেড়ে এই মৌসুমেই যোগ দিয়েছেন বার্সেলোনায়। কাতালান ক্লাবটির হয়ে ব্রাজিলের ২১ বছর বয়সী তুর্কি ১৫ ম্যাচে করেছেন ৪ গোল, সতীর্থদের দিয়ে করিয়েছেন ৮টি। সেখানে মেসি ১৪ ম্যাচে করেছেন ১২ গোল, করিয়েছেন ৪টি।
পজিশন বিবেচনায় গোলের সংখ্যা দিয়ে দুজনের তুলনা হয়তো চলে না। কিন্তু নেইমারের অভিজ্ঞতার ঘাটতিটা তো আর বলে বোঝানোর প্রয়োজন পড়ছে না। তবে নেইমার যে একদিন বিশ্বসেরা হবেন, এ নিয়ে পেলের মনে কোনো সংশয় নেই। ব্যালন ডি’অর প্রসঙ্গে বলতে গিয়ে বলেছেন, ‘ভালো খেলোয়াড় অনেক আছে। কিন্তু ব্যালন ডি’অরটা মেসি বা রোনালদোরই পাওয়া উচিত। নেইমারও বিশ্বসেরা খেলোয়াড় হতে পারবে। কিন্তু এই মুহূর্তে মেসির মতো খেলোয়াড়েরা চার-পাঁচ বছর এগিয়ে।’
বার্সেলোনায় নেইমারের ভবিষ্যৎ প্রশ্নে পেলের উত্তর, ‘নেইমার বার্সেলোনায় আদর্শ হতে পারবে কি না, এর উত্তর আমি এখন দিতে পারব না। তবে আমি ইতিমধ্যেই বলে দিয়েছি, আমার বিশ্বাস, নেইমার বিশ্বের অন্যতম পরিপূর্ণ খেলোয়াড়। মেসি বা ক্রিস্টিয়ানো রোনালদোর মতো অভিজ্ঞ সে নয়। কিন্তু সে ব্রাজিলের অন্যতম সেরা খেলোয়াড়।’
বিশ্বকাপের আগে নেইমারের বার্সেলোনার হয়ে খেলাটা ব্রাজিল জাতীয় দলকে সাহায্য করবে বলেও মনে করছেন পেলে, ‘ইউরোপ এবং বার্সেলোনায় আট মাস খেলাটা ব্রাজিলের জন্য দারুণ হবে। কারণ, সে আরও বেশি অভিজ্ঞতা নিয়ে বিশ্বকাপে যেতে পারবে।’ ওয়েবসাইট।