নেইমার-রোনালদোর রাতে ম্লান মেসি

একজন তাঁর ক্লাব সতীর্থ। একই ড্রেসিং রুম ভাগাভাগি, মাঠে পাশাপাশি—বন্ধুত্ব তাই হয়েই গেছে। কিন্তু ক্লাবের জার্সি খুলে যখন জাতীয় দলের জার্সি গায়ে দেন দুজন, বন্ধু থেকে ‘শত্রু’ হয়ে ওঠেন নিমেষেই। লিওনেল মেসি তখন আর্জেন্টিনার, নেইমার ব্রাজিলের।
আরেকজনের সঙ্গে ফুটবল ইতিহাসে সবচেয়ে বড় ব্যক্তিগত দ্বৈরথটা চলছে কয়েক বছর ধরে। বন্ধুত্বের প্রশ্নই আসে না। ক্লাব হোক বা জাতীয় দল, ক্রিস্টিয়ানো রোনালদো মেসির প্রতিপক্ষ, প্রতিদ্বন্দ্বী কিংবা শত্রু হয়েই হয়তো থেকে যাবেন সব সময়।
সময়ের এই তিন সেরা ফুটবলার পরশু রাতে প্রায় কাছাকাছি সময়ে মাঠে নেমেছিলেন জাতীয় দলের হয়ে। বুখারেস্টে লিওনেল মেসি, জোহানেসবার্গের সকার সিটিতে নেইমার আর পর্তুগালের পেশোয়া স্টেডিয়ামে ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু বাকি দুজনের চেয়ে রাতটা মলিন গেল আর্জেন্টাইন অধিনায়কের। নেইমারের হ্যাটট্রিকে ব্রাজিল ৫-০ গোলে উড়িয়ে দিল দক্ষিণ আফ্রিকাকে। রোনালদোর জোড়া গোলে পর্তুগালও ৫-১-এ উড়িয়ে দিল ক্যামেরুনকে। পারেননি কেবল মেসি! অসুস্থ ছিলেন, বুখারেস্টে খেলার শুরুর দিকে বমিও করেছেন। তবে এর কোনো কিছুই রোমানিয়ার বিপক্ষে তাঁর এতটা নিষপ্রভ থাকার পক্ষে সাফাই হতে পারে না। যেমন হয় না সার্জিও আগুয়েরো, গঞ্জালো হিগুয়েইন, অ্যাঙ্গেল ডি মারিয়া আর হাভিয়ের মাচেরানোসহ প্রায় পুরো শক্তির দল নিয়ে রোমানিয়ার সঙ্গে গোলশূন্য ড্রয়ের কোনো অজুহাতও। মেসি অবশ্য ম্যাচ শেষে আর্জেন্টিনার দুর্বল পারফরম্যান্সের একটা কারণ খুঁজে বের করেছেন, ‘আমি অজুহাত দেখানোটা পছন্দ করি না, তবে আজ মাঠের অবস্থা আসলেই ভালো ছিল না। বল থামাতে আমাদের প্রায় দু-তিনবার করে চেষ্টা করতে হয়েছে।’
বুখারেস্টে মেসিরা যখন অজুহাত খুঁজছেন, জোহানেসবার্গে নেইমাররা তখন ফুরফুরে মেজাজে। নিজের দেশে হতে যাওয়া বিশ্বকাপে ব্রাজিলকে হারিয়ে অন্য কোনো দলের শিরোপা জেতা যে কঠিন হবে, নেইমার-অস্কার-ফ্রেডরা সেই মহড়াই দিলেন আরেকবার। ম্যাচ শেষে সেটা সবাইকে স্মরণও করিয়ে দিয়েছেন অধিনায়ক থিয়াগো সিলভা, ‘আমরা পুরোপুরি প্রস্তুত। এ ব্যাপারে আমার কোনোই সন্দেহ নেই। এই জয়টা আমাদের অনেক উজ্জীবিত করেছে। এখন বাকি তিন মাস কিছুটা বিশ্রাম নিতে পারব আমরা।’ বার্সেলোনা স্ট্রাইকারের হ্যাটট্রিক ছাড়া ব্রাজিলের হয়ে অন্য দুটি গোল করেছেন অস্কার ও ফার্নান্দিনহো। দেশের হয়ে এই নিয়ে ৪৭ ম্যাচে ৩০ গোল হলো নেইমারের। আর দুটি গোল হলেই তিনি ঢুকে যাবেন ব্রাজিলের সর্বোচ্চ ১০ গোলদাতার তালিকায়।
যে তালিকায় ঢোকার জন্য নেইমারের অপেক্ষা, পর্তুগালের হয়ে গোলদাতার সেই তালিকায় নিজের নামটা এককভাবে সবার ওপরে নিয়ে এসেছেন রোনালদো। পরশুর জোড়া গোলসহ মোট ৪৯ গোল নিয়ে তিনিই এখন পর্তুগালের সর্বোচ্চ গোলদাতা। ৪৭টি গোল নিয়ে এত দিন তিনি শীর্ষস্থানটি ভাগাভাগি করছিলেন পলেতার সঙ্গে। রেকর্ডটাকে নিজের করে নিয়েও খুব বেশি উচ্ছ্বাস দেখাননি রিয়াল মাদ্রিদ উইঙ্গার, ‘আমি রেকর্ড ভাঙা নিয়ে খুব বেশি চিন্তা করি না। পরিশ্রম করে গেলে এটা স্বাভাবিকভাবেই হয়।’
কথাটা যে সত্যি, ফিফা বর্ষসেরা ফুটবলারের পারফরম্যান্সও সেই সাক্ষ্য দিচ্ছে। এএফপি।