নেইমার-শঙ্কার দিনে ব্রাজিলে মেসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবিটা হতে পারত নেইমারের স্বপ্ন ভেঙে দেওয়ার মুহূর্ত। ব্রাজিলের সৌভাগ্যই, এই চোট গুরুতর কিছু নয়। আগামীকাল ক্রোয়েশিয়ার বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে খেলার কথা ব্রাজিলের স্বপ্ন-সারিথর। পরশু তেরেসোপোলিসে ব্রাজিলের অনুশীলনে l এএফপি
ছবিটা হতে পারত নেইমারের স্বপ্ন ভেঙে দেওয়ার মুহূর্ত। ব্রাজিলের সৌভাগ্যই, এই চোট গুরুতর কিছু নয়। আগামীকাল ক্রোয়েশিয়ার বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে খেলার কথা ব্রাজিলের স্বপ্ন-সারিথর। পরশু তেরেসোপোলিসে ব্রাজিলের অনুশীলনে l এএফপি

ব্লু ট্রি টাওয়ার্স অ্যানালিয়া ফ্রাঙ্কো হোটেলের লবির পাশের রেস্টুরেন্টে দিনরাত টেলিভিশনের একটা চ্যানেলই চলছে। স্পোর্টস চ্যানেলই হবে, নইলে বিশ্বকাপ ছাড়া আর কিছু থাকবে না কেন!
একটার পর একটা দলের অনুশীলন পর্বের দৃশ্য ভেসে উঠছে পর্দায়। ব্রাজিলের নানা প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে থাকা দলগুলোর বেস ক্যাম্প থেকে সরাসরি যোগ দিচ্ছেন রিপোর্টাররা। এর মধ্যেই কোনো দলের আগমন-সংবাদ। বরাবরের মতোই রওনা হওয়ার আগে বোনাস নিয়ে গন্ডগোল-পর্বটা সেরে রিওতে বিমান থেকে নামছে ক্যামেরুন দল। সাও পাওলোতে এইমাত্র নামল যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়া। রিও থেকে ৯৩ কিলোমিটার দূরে তেরেসোপোলিসে ব্রাজিলের বেস ক্যাম্পে সংবাদ সম্মেলন করছেন দানি আলভেজ। স্পেনের ট্রেনিং সেশনে ভিসেন্তে দেল বস্ক যথারীতি ধ্যানমগ্ন ঋষি।
এসবের ফাঁকে ফাঁকে নিয়মিত বিরতিতে পর্দায় একটা দৃশ্য এবং পর্দায় যা ভেসে ওঠামাত্র যে যার কাজে ব্যস্ত হোটেলের লোকজন দাঁড়িয়ে পড়ছেন। অ্যাঙ্কেল ধরে মাঠে বসে যন্ত্রণাকাতর নেইমার! নারী-পুরুষনির্বিশেষে রেস্টুরেন্টের কর্মচারীদের মধ্যে একটা জায়গায় মিল—পৃথিবীতে পর্তুগিজ ছাড়া আর কোনো ভাষা নেই। টেলিভিশনেও পর্তুগিজ-ঝড় চলছে। গত পরশু বিকেলে টেলিভিশনের দিকে তাকিয়ে থাকা তিনজনের জটলার কিচিরমিচির থেকে তাই কিছুই উদ্ধার করা গেল না।

পরশু ব্রাজিলের মাটিতে পা রাখলেন লিওনেল মেসি l রয়টার্স
পরশু ব্রাজিলের মাটিতে পা রাখলেন লিওনেল মেসি l রয়টার্স

তবে মুখের ভাষার বাইরেও তো পৃথিবীতে সর্বজনীন একটা ভাষা আছে। যেটি চেহারায় ফুটে ওঠে। মাঠে বসে থাকা নেইমারকে ঘিরে ব্রাজিল দলের চিকিৎসকেরা, খুঁড়িয়ে খুঁড়িয়ে বেরিয়ে যাচ্ছেন নেইমার—এই দৃশ্যগুলোর ফুটিয়ে তোলা উদ্বেগের রেখা যেমন পরিষ্কার পড়া গেল। নেইমারের আবার ট্রেনিংয়ে যোগ দেওয়ার দৃশ্যে স্বস্তির বাতাবরণও। যতবার ওই দৃশ্যটা দেখাল, নিয়ম করে একজন হাততালি দিয়ে গেলেন।
হোটেলের রেস্টুরেন্টে তিনজনের ওই জটলাটা আসলে পুরো ব্রাজিলেরই ছবি। গত পরশু বিকেলে কয়েক মিনিটের মধ্যে ‘কোমা’য় চলে গিয়ে আবার যেন বেঁচে উঠল ব্রাজিলের বিশ্বকাপ-স্বপ্ন। ইতালিয়ান মিডফিল্ডার মন্তোলিভোকে দিয়ে শুরু। এরপর ছিটকে গেলেন রামাদেল ফ্যালকাও, ফ্রাঙ্ক রিবেরি। জার্মানির তরুণ তুর্কি মার্কো রয়েসও। এই বিশ্বকাপের সম্ভাব্য তারকাদের ছোট্ট তালিকায়ও সবাই রেখেছিলেন ফ্যালকাও-রিবেরিকে। তার পরও পরশু নেইমার আর মাঠে ফিরতে না পারলে ওই চারজনের জন্য মিলিত হাহাকারকেও তা ছাপিয়ে যেত। শুরুর আগেই হয়তো শেষ হয়ে যেত ব্রাজিলের বিশ্বকাপ।
এই ব্রাজিলের প্রাণভোমরা নেইমার। সেটি জভোনমির বোবানের কথা সত্যি হলেও। যুগোস্লাভিয়ার হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করে পরে ক্রোয়েশিয়ার হয়ে ১৯৯৮ বিশ্বকাপ খেলেছেন। এসি মিলানের হয়ে জিতেছেন চারটি সিরি ‘আ’ ও একটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা। সেই বোবান নেইমার ‘ওভাররেটেড’ বোঝাতে গিয়ে ব্যতিক্রমীরকম কড়া ভাষা ব্যবহার করেছেন—‘নেইমার কি গোল্ডেন বল জিততে পারে? কোনো সম্ভাবনা নেই। ও এত ভালো নয়। দুর্দান্ত প্রতিভা, কিন্তু শীর্ষ থেকে অনেক দূরে। সে কখনোই রোনালদো, ইব্রাহিমোভিচ,
ইনিয়েস্তা, বিশেষ করে মেসি হতে পারবে না।’
বোবানের কথাই হয়তো ঠিক। হয়তো নয়। তবে নেইমারকে ঘিরেই যে ব্রাজিলের ‘হেক্সা’র স্বপ্ন বোনা, এটি প্রশ্নাতীত। লুইস ফেলিপে স্কলারি ম্যাচের মতো অনুশীলনেও এক মুহূর্ত স্থির থাকতে পারেন না। এটা যদি ‘বিগ ফিল’-এর মূল বৈশিষ্ট্য হয়; আরেকটি হলো তারকাপ্রথায় বিশ্বাস না করা। তাঁর কাছে ‘সবার উপরে দল সত্য, তাহার উপরে নাই’। বিশ্বকাপের আগে বিতর্ক, বিশ্বকাপ জিততে না পারলে কুশপুতুলে পোড়া—এসবকে থোড়াই পরোয়া করে ২০০২ বিশ্বকাপের দল থেকে রোমারিওকে বাদ দিয়ে দিয়েছেন। সেই
স্কলারি পর্যন্ত সার্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের পর চরিত্রের বাইরে গিয়ে সংবাদ সম্মেলনে সবিস্তারে ব্রাজিলের এই দলে নেইমারের গুরুত্ব বুঝিয়েছেন।
নেইমারের ‘মোক্ষ’ বোঝাতে বোবান যে চারজনের নাম বলেছেন, তাঁদের তিনজনই আছেন এবারের বিশ্বকাপে। একজন ক্রিস্টিয়ানো রোনালদো এখনো ব্রাজিলে পা রাখেননি। চোট এবং ঘানার ওঝার তুকতাক জয় করে মাঠে ফেরার অপেক্ষায় তিনি ছিলেন যুক্তরাষ্ট্রে। ইনিয়েস্তারা আগের দিনই এসেছেন। নেইমারের চোট নিয়ে ব্রাজিলের উদ্বেগ ও হাঁফ ছাড়ার দিনে এলেন লিওনেল মেসি।
আর্জেন্টিনা দলের এবার ব্রাজিলে পা রাখার বাড়তি একটা তাৎপর্য আছে। ব্রাজিলে তো কতই এসেছে, তবে বিশ্বকাপ খেলতে এই প্রথম। ১৯৫০ সালে ব্রাজিলে আয়োজিত প্রথম বিশ্বকাপে আর্জেন্টিনা যে কারণে আসেনি, আজকের দিনে সেটি ‘রিপলিস্ বিলিভ অর নট’-এর বিষয় হতে বাধ্য। ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের সঙ্গে কী নিয়ে যেন ঝগড়াঝাঁটি করে ঘরের পাশের বিশ্বকাপ বয়কট করেছিল আর্জেন্টিনা।
আর্জেন্টিনা বেস ক্যাম্প করেছে বেলো হরিজন্তে থেকে ২৭ কিলোমিটার দূরে ভেসপাসিয়ানোতে। মেসির সাবেক বার্সা সতীর্থ রোনালদিনহোর ক্লাব অ্যাটলেটিকো মিনেইরোর ট্রেনিং সেন্টার সিডাডে ডা গালোতে বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতি নেবে সাবেলার দল। বিমানবন্দর থেকে বেস ক্যাম্পে যাওয়ার পথে সব টিম বাসকেই সঙ্গ দেয় নিরাপত্তাবহর। তবে আর্জেন্টিনা দলের জন্য নিরাপত্তাব্যবস্থা এতই সাড়ম্বর ছিল যে সেটি বিশেষভাবে উল্লেখ করার মতো বিষয় হয়েছে। বেস ক্যাম্পে ঢোকার পথেও এক প্রস্থ নাটক হয়ে গিয়েছে। বাস থেকেই আর্জেন্টিনা দলের চোখে পড়ে প্রবেশপথে লাগানো ব্যানারটা। যাতে লেখা—ভবিষ্যৎ চ্যাম্পিয়নদের স্বাগতম!
যা নিয়ে মেসিই নাকি সবচেয়ে বেশি আপত্তি করেন। পরে জানা যায়, এটি আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনেরই অত্যুৎসাহী এক কর্তার কাণ্ড। পরে ওই ব্যানার নামিয়ে শুধুই ‘স্বাগতম’ লেখা একটা ব্যানার টানানো হয়।
তাতে কী, ওই ‘ভবিষ্যৎ চ্যাম্পিয়ন’ কথাটা তো মেসির কানে গুঞ্জন তুলেই যাবে। নেইমারের কানে তো অবশ্যই। এই একটা জায়গায় বর্তমান বিশ্ব ফুটবলের ত্রিফলার তৃতীয়জন বোধহয় একটু নির্ভার। ক্রিস্টিয়ানো রোনালদোর ওপর চাপটা কি তাই একটু হলেও কম?