নেইমারই 'ডোবালেন' রোসেলকে

ধেয়ে আসছিল একের পর এক সমালোচনা। নেইমারকে দলে আনা নিয়ে কেন এত লুকোচুরি? এই প্রশ্নের উত্তর চেয়ে বার্সেলোনারই এক সদস্য মামলা ঠুকে দিয়েছিলেন সান্দ্রো রোসেলের বিরুদ্ধে। বার্সেলোনা সভাপতি নিজঘরেই একরকম পরবাসী হয়ে উঠেছিলেন। শেষ পর্যন্ত তা থেকে মুক্তি পেতে সরেই দাঁড়াতে হলো তাঁকে। পরশু বার্সেলোনার সভাপতির পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন রোসেল।
বেশ কয়েক দিন ধরে ‘নেইমার-বিতর্কে’ টালমাটাল বার্সেলোনা। ব্রাজিল তারকাকে সান্তোস থেকে নিয়ে আসতে সত্যিই কি ৫ কোটি ৭০ লাখ ইউরোই খরচ করা হয়েছিল? স্প্যানিশ দৈনিক এল মুন্ডো কয়েক দিন আগে বোমা ফাটিয়ে জানায়, অঙ্কটা আসলে ৯ কোটি ৫০ লাখ ইউরো। অপ্রকাশিত বাড়তি অর্থটা গেছে নেইমারের বাবার পকেটে! এমন বিস্ময়কর তথ্যে বার্সেলোনার সদস্য জর্দি কাসেস রোসেলের বিরুদ্ধে করা মামলায় অভিযোগ তোলেন, ক্লাবের সব সদস্যকে কেন ব্যাপারটা জানানো হলো না?
গত পরশু স্প্যানিশ আদালতে এ ব্যাপারে শুনানির সিদ্ধান্ত হয়। রোসেল অবশ্য বরাবরই আর্থিক অস্বচ্ছতার অভিযোগ অস্বীকার করে আসছিলেন। কিন্তু ঘটনাপ্রবাহে বোঝা যাচ্ছিল, পায়ের নিচের মাটি সরে যাচ্ছে বার্সা সভাপতির।
পরশু বার্সেলোনা জরুরি সভায় বোঝা যাচ্ছিল কিছু একটা ঘটতে যাচ্ছে। স্প্যানিশ গণমাধ্যমে তখনই খবর বেরোয়, রোসেল পদত্যাগ করতে যাচ্ছেন। শেষ পর্যন্ত সেই পথেই হাঁটলেন রোসেল। ছয় বছর মেয়াদের দুই বছর আগেই সভাপতির চেয়ার ছাড়তে হলো তাঁকে।
গত বছর থেকেই আসলে জনপ্রিয়তা হারাতে শুরু করেন রোসেল। এরিক আবিদালকে ছেড়ে দেওয়ায় রোসেলকে নিয়ে অসন্তোষের বাষ্প ছড়ানো শুরু। গত মাসে মেসি ধুয়ে দেন বার্সার সহসভাপতি হাভিয়ের ফাউসকে, ‘সে ফুটবল নিয়ে কিছুই জানে না।’ রোসেলের ঘনিষ্ঠ বলে পরিচিত ফাউস। আবিদালকে ছেড়ে দেওয়াসহ সবকিছু মিলিয়ে চাপেই পড়ে যান রোসেল।
হুয়ান লাপোর্তার জায়গায় ২০১০ সালে রেকর্ড ভোটে জয়ী হয়ে বার্সা সভাপতির দায়িত্ব নিয়েছিলেন। গত বছর নেইমারকে বাসায় নিয়ে এসে তো নায়কই হয়ে গিয়েছিলেন! তখন কে জানত, সেই নেইমারকে আনা নিয়ে আর্থিক বিতর্কে ‘ডুববেন’ রোসেল! এএফপি।