নেইমারকে অভদ্র বললেন ম্যারাডোনা
‘সান্তোসে থেকেই লিওনেল মেসিকে হারিয়ে ফিফা বর্ষসেরা হতে চাই’—কথাটার মধ্যে একটু অহংকার মিশে থাকলেও থাকতে পারে। তবে সেটি গায়ে না মাখলেও চলে। কিন্তু মেসিকে এভাবে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়াটা মোটেও সহ্য করতে পারেননি ডিয়েগো ম্যারাডোনা। নেইমারকে তাই ‘ম্যারাডোনা-সুলভ’ খোঁচা দিলেন এই আর্জেন্টাইন কিংবদন্তি। বললেন, নেইমার তাঁর পূর্বসূরি পেলের মতোই ‘অভদ্র’!‘পেলের মতোই নেইমারের আচরণ অশোভন। মেসি ব্যতিক্রমী এক খেলোয়াড়। ওর শ্রেষ্ঠত্ব নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই’—বলেছেন ম্যারাডোনা।ম্যারোডোনা তাঁর এ রকম সমালোচনা করেছেন শুনলে ব্রাজিলের উঠতি তারকা বিস্মিতই হতে পারেন। অত সাত-পাঁচ ভেবে কি আর কথাটা বলেছেন! এমনিতে তিনি মেসির দারুণ ভক্ত। একটি স্প্যানিশ পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে সান্তোসের এই ফরোয়ার্ড বলেছেন, ‘রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনা আমার প্রিয় দুটি ইউরোপীয় দল। আমি সত্যিই দলটিকে খুব পছন্দ করি। যেমন আমার প্রিয় খেলোয়াড় তালিকায় ক্রিস্টিয়ানো রোনালদো আর লিওনেল মেসি দুজনই আছেন। অবশ্য কোনো সন্দেহ নেই, এই মুহূর্তে মেসিই বিশ্বের সেরা খেলোয়াড়। ক্রিস্টিয়ানোও দুর্দান্ত। আক্রমণভাগে সে সম্পূর্ণ এক খেলোয়াড়।’সান্তোসে থেকেই বিশ্বজয় করতে চান—এই বার্তা দিয়ে নেইমার আরও কিছুদিন ব্রাজিলেই থেকে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন। তার মানে কিন্তু এই নয়, ইউরোপের ক্লাব ফুটবলে যাওয়ার বাসনা নেই। নেইমার বলেছেন, ‘আমি কোনো কিছুতেই ভয় পাই না। তাই ইউরোপে খেলার ব্যাপারেও কোনো ভয় নেই। আমি স্প্যানিশ শিখছি। ভাষাটা মোটামুটি বুঝতেও পারছি। ইংরেজিও শিখছি টুকটাক। বিশ্বের প্রত্যেক খেলোয়াড়ই চ্যাম্পিয়নস লিগে খেলার স্বপ্ন দেখে। আমিও দেখি। এই টুর্নামেন্টটিতে খেলতে পারাটা হবে অনেক বড় পাওয়া। আশা করি, আমিও একদিন এই টুর্নামেন্টে খেলব।’ ওয়েবসাইট।