নেইমারকে কেন বডিবিল্ডার হতে হবে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁর নাম ডিয়েগো ম্যারাডোনা এবং তিনি নেইমারেও মুগ্ধ! একটু অস্বাভাবিক। নেইমারকে নিয়ে পেলে আগে থেকেই উচ্ছ্বসিত, ব্রাজিলিয়ান কিংবদন্তি সেই উচ্ছ্বাস প্রকাশে কার্পণ্য করেননি কখনো। কিন্তু ম্যারাডোনা? পেলের সঙ্গে তাঁর কখনো কোনো ব্যাপারে মিলেছে কি না, এটা তো রীতিমতো গবেষণার বিষয়।
আশ্চর্য, নেইমারের বেলায় এসে মিলে গেল। পেলের মতোই বার্সেলোনার নতুন এই তারকার উজ্জ্বল ভবিষ্যৎ দেখছেন তিনি। সে কারণেই বললেন, ‘নেইমারের খেলা আমাকে আনন্দ দেয়। সে এমন একজন খেলোয়াড় যাকে নজরে রাখতে হবে।’ শুধু তা-ই নয়, বার্সেলোনা যাতে নেইমারের ভালো করতে গিয়ে খারাপ না করে ফেলে এ নিয়েও যথেষ্ট চিন্তিত তিনি!
সমস্যাটা নেইমারের ওজন নিয়ে। এমনিতেই সাবেক সান্তোস তারকা একটু বেশি হালকা-পাতলা। তার ওপর কিছুদিন আগে টনসিল অস্ত্রোপচার করানোয় ওজন কমেছে আরও সাত কেজির মতো। বার্সেলোনার মেডিকেল টিম তাই নেইমারের ওজন আরও বাড়ানোর কাজে নেমে পড়েছে। তবে ওজন বাড়াতে গিয়ে যাতে নেইমারের ফিটনেস নষ্ট না করে দেওয়া হয় সেটা নিয়ে চিন্তিত ম্যারাডোনা, ‘কী করতে হবে সেটা সে ভালো করেই জানে। ওর তো বডিবিল্ডার হওয়ার দরকার নেই। আমি আশা করব ওরা (বার্সেলোনা) তার সঙ্গে এ রকম কিছু করবে না। ওকে নিজের মতো খেলতে দিলেই হবে।’
তবে নেইমারের প্রতি এই মুগ্ধতা দেখালেও আগামী বিশ্বকাপ শিরোপার দাবিদার হিসেবে তিনি ব্রাজিল নয়, আর্জেন্টিনাকেই এগিয়ে রাখছেন। ওয়েবসাইট।