নেইমারকে ছাড়তে রাজি হয়েছে সান্তোস

অবশেষে নিজ দেশ ছেড়ে ইউরোপীয় ফুটবল অঙ্গনে পাড়ি জমাতে যাচ্ছেন ব্রাজিলের বিস্ময়বালক নেইমার। আগামী মৌসুম থেকেই হয়তো ইউরোপের শীর্ষস্থানীয় কোনো ক্লাবের জার্সি গায়ে দেখা যাবে ২১ বছর বয়সী এই তারকা স্ট্রাইকারকে। কারণ, দীর্ঘদিন ঝুলিয়ে রাখার পর অবশেষে নেইমারকে ছেড়ে দিতে সম্মত হয়েছে তাঁর বর্তমান ক্লাব সান্তোস। নেইমারের ব্যাপারে ইউরোপের দুটি ক্লাব থেকে প্রস্তাব এসেছে বলে জানিয়েছে ব্রাজিলের এই শীর্ষস্থানীয় ক্লাবটি। তবে তারা নাম না বললেও অনুমান করা যায়, ক্লাব দুটি হলো স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই ক্লাবের মধ্যে কোনটা নিজের সম্ভাব্য ঠিকানা বানাতে চান তিনি, সেটা এখন অনেকাংশে নির্ভর করছে নেইমারের ওপর।
দীর্ঘদিন ধরেই ব্রাজিলের বিস্ময়বালক নেইমারকে দলে ভেড়ানোর চেষ্টা করছে ইউরোপের শীর্ষ দুই ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। এর আগে বার্সেলোনার দুটি প্রস্তাব সন্তোষজনক না হওয়ায় ফিরিয়ে দিয়েছিল সান্তোস। তবে এবার আর নেইমারকে ধরে রাখার চেষ্টা করছে না তারা। গতকাল এক বিবৃতির মাধ্যমে ব্রাজিলীয় ক্লাবটি বলেছে, ‘বেশ কয়েকটি প্রস্তাব ও খেলোয়াড়ের সঙ্গে চুক্তির বিষয়টি বিবেচনায় নিয়ে ক্লাবের ব্যবস্থাপনা কমিটি নেইমারকে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমরা নেইমার ও তাঁর বাবার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব, সে কোন প্রস্তাবটা গ্রহণ করতে চায়।’ ক্লাব নির্বাচনের ব্যাপারে নেইমারের সিদ্ধান্তকেই যদি প্রাধান্য দেওয়া হয়, তাহলে হয়তো লাভবান হবে বার্সেলোনা। কারণ, কয়েক দিন আগে বার্সেলোনায় যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন নেইমার।
২০১১ সালে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে সান্তোসকে লিবার্তোদোরেস কাপের শিরোপা জিতিয়েছিলেন নেইমার। ২০১২ সালের ফিফা বর্ষসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকাতেও জায়গা করে নিয়েছিলেন এই ব্রাজিলীয় স্ট্রাইকার। ২৩ জনের সেই তালিকার মধ্যে নেইমারই ছিলেন ইউরোপের বাইরের কোনো ক্লাবে খেলা একমাত্র ফুটবলার। রয়টার্স।