নেইমারকে ধন্যি, স্কলারিকে দুয়ো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

নিয়তি কখনো প্রাপ্তির দ্বার অবারিত করে দেয়, কখনো রুদ্ধ করে দেয় সব দরজা। স্কলারি-নেইমার জুটিতে একটু একটু করে বিচ্ছুরিত হচ্ছিল ব্রাজিলিয়ানদের স্বপ্নপূরণের আলো। আর বাকি দুই ধাপ, হঠাৎ করেই এলোমেলো হয়ে গেল সবকিছু। সাজানো ঘর রূপ নিল তাসের ঘরে। আততায়ী চোট কেড়ে নিল নেইমারের বিশ্বকাপ-স্বপ্ন। ব্রাজিলেরও নয় কি! স্কলারি-নেইমারের যুগলবন্দী রইল না, নিয়তি বদলে দিল গন্তব্য। স্কলারি পেলেন বিরূপ প্রতিক্রিয়া, নেইমার পেলেন বীরোচিত অভ্যর্থনা। স্টেডিয়ামে ঢোকার আগে, ম্যাচ চলাকালে, সংবাদ সম্মেলনে—নেইমার দর্শনই একটুখানি উচ্ছ্বাসের মুহূর্ত, স্কলারি সেখানে ভিলেন!
চারটি গোল, একটি গোলে সহায়তা—ব্রাজিল কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পথ পাড়ি দিল তো নেইমারের কাঁধে চড়েই। চোট পেয়ে ছিটকে গেলেন নেইমার। তবু ব্রাজিল দলের হয়েই ‘খেলেছেন’। সতীর্থদের উদ্দেশে অনুপ্রেরণাদায়ী ভিডিওবার্তা দিয়েছেন, দলের অনুশীলনে হাজির হয়েছেন। হল্যান্ডের বিপক্ষে ম্যাচে তো বেঞ্চেও বসে থাকলেন। যখনই বড় পর্দায় নেইমার, তখনই স্টেডিয়ামে উপস্থিত ব্রাজিলিয়ানদের উচ্ছ্বাস। তাঁরা পেয়ে গেছেন এমন এক নেতার সন্ধান, যিনি মাঠে না থাকলেও মাঠের বাইরে থেকে নিজেকে উজাড় করে দেন।
স্কলারিই বা কী করবেন! হল্যান্ডের বিপক্ষে স্রেফ সম্মানরক্ষার ম্যাচে নিজের কাছে থাকা সব তূণই তো ব্যবহার করলেন। বিশ্বকাপে প্রথমবারের মতো একাদশে রাখেননি ফ্রেড-হাল্ককে। উইলিয়ানকে প্রথম থেকেই খেলালেন। প্রথমবারের মতো মাঠে নামালেন ম্যাক্সওয়েলকে। ডাগ-আউট থেকে বারবার চিৎকার করছেন, শিষ্যদের অনুপ্রেরণা দেওয়ার চেষ্টা করছেন, রণকৌশল সাজাচ্ছেন। পারলে নিজেই নেমে পড়েন! কিন্তু কোনো কিছুতেই কোনো কিছু হলো না। যেন জোর করেই নামিয়ে দেওয়া হয়েছে দলটাকে। স্কলারি তাই দুয়োধ্বনি শুনবেন, সেটাই স্বাভাবিক। এমন ভরাডুবিতে কাউকে না কাউকে তো বলির পাঁঠা হতেই হয়।