নেইমারকে না পেয়েই বেলকে কিনেছে রিয়াল?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেইমারকে না পেয়েই বেলকে কিনেছে রিয়াল। ফাইল ছবি
নেইমারকে না পেয়েই বেলকে কিনেছে রিয়াল। ফাইল ছবি

নেইমারের চেয়ে গ্যারেথ বেলই ভালো ফুটবলারমমম— এমন কথাই বলা হচ্ছে রিয়াল মাদ্রিদ শিবির থেকে। কিন্তু বার্সেলোনা সভাপতি সান্দ্রো রসেল দাবি করছেন, রিয়ালের এই দাবি নাকি ‘আঙুল ফল টক’-এর মতো। কারণ নেইমারকে দলে টানার জন্য চেষ্টার কোনো কমতি করেনি রিয়াল। শেষ মুহূর্ত পর্যন্ত নেইমারকে নেওয়ার মরণপণ চেষ্টা করেছে মাদ্রিদের ক্লাবটি। এমনকি বার্সেলোনা যখন নেইমারের সঙ্গে চুক্তির প্রক্রিয়া সারছিল, সেই সময়েও নাকি সান্তোসের কাছে একের পর এক ই-মেইল পাঠিয়ে গেছে রিয়াল!
রাসেল এমন দাবিও করেছেন, নেইমারের স্বাস্থ্য পরীক্ষায় নাকি সম্পন্ন করে ফেলেছিল বিশ্বের সবচেয়ে ধনী এই ক্লাবটি। সম্প্রতি এক সাক্ষাত্কারে বার্সা সভাপতি বলেছেন, ‘আমরা যখন নেইমারের বাবার সঙ্গে একটা প্রাথমিক চুক্তি সম্পন্ন করেছিলাম, ততক্ষণে রিয়াল মাদ্রিদ নেইমারের স্বাস্থ্য পরীক্ষাও সম্পন্ন করে ফেলেছিল। আমরা তাই মজা করে বলেছিলাম, তাহলে আমাদের আর আলাদাভাবে এই কাজটা করতে হবে না। এমনকি যখন আমরা চূড়ান্ত চুক্তির কাছাকাছি চলে এসেছি, তখনও রিয়াল ই-মেইল পাঠিয়ে যাচ্ছিল সান্তোসকে।’

তবে শেষ পর্যন্ত বেলকে রেকর্ড দামে কিনে বাজার পুরো গরম করে ফেলেছে রিয়ালই। যদিও রিয়ালেরই কিংবদন্তি জিনেদিন জিদান বলছেন, বেলের দামটা বেশিই হয়ে গেছে। জিদানের পক্ষে মত অনেকেরই।

এসব নিয়ে অবশ্য রসেলের মাথাব্যথা নেই। তাঁকে এখন ভাবতে হচ্ছে নিজের রক্ষণভাগ নিয়ে। এই মৌসুমে সেন্টার ডিফেন্ডার কেনার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে বার্সা। শুধু ডিফেন্ডারই নয়, এবার গোলরক্ষকের ব্যাপারেও ভাবতে হবে বার্সাকে। ভিক্টর ভালদেস যে অভিমান করে ক্লাব ছেড়ে দিচ্ছেন। অনেকেই বলছেন, রিয়ালে ব্রাত্য হয়ে পড়া ইকার ক্যাসিয়াসকে কিনে আনলেই তো হয়। তবে এই ধারণাটি ঠিক পছন্দ নয় রসেলের। বার্সা সভাপতির কণ্ঠে সেই চিরাচরিত রেষারেষিরই সুর, ‘ক্যাসিয়াসকে আমরা সই করাব না। কারণ সে রিয়াল মাদ্রিদের আইকন। ওর বুকে বার্সেলোনার প্রতীক দেখার সম্ভাবনা আমি দেখছি না। একইভাবে আমি যেমন চাই না জাভি রিয়ালের জার্সি পরে খেলুক।’