নেইমারকে নিয়ে পেলে-স্কলারি

এমন দেশে জন্মেছেন, যেখানে ফুটবল শুধু একটা খেলাই নয়, জীবনেরও অংশ। ১৯ কোটি মানুষের প্রত্যাশার চাপ তাঁর কাঁধে। তাঁর মতো করে চুলের ছাঁট দেন অগুনতি তরুণ, তাঁকে একনজর দেখতে তরুণীরা হুমড়ি খেয়ে পড়েন। নেইমারের অপরিণত কাঁধ এই পর্বতসমান চাপ নিতে পারবে কি না সেটা এখনই বলা মুশকিল। তবে নেইমার চান আর না চান, তাঁকে ঘিরে প্রত্যাশার ফানুসটা দিন দিন ফুলছেই!গত মাসেই সান্তোস থেকে পাড়ি জমিয়েছেন বার্সেলোনায়। অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল ইউরোপে যাচ্ছেন। সেই যাওয়াটা একটু দেরিতেই হলো কিনা এমন ফিসফাস আছে। বড় মঞ্চে নিজেকে কতটুকু মেলে ধরতে পারবেন, সেটা নিয়েও আছে সংশয়। মেসির সতীর্থ হওয়াটা তাঁকে হয়তো আরও সমৃদ্ধই করবে। স্বদেশি পূর্বসূরি পেলের কণ্ঠে সেই আশাবাদ, ‘তারা আলাদা ধরনের খেলোয়াড়, যারা সবকিছুকেই অনায়াস মনে করে। মেসি ১৪-১৫ বছর ইউরোপে অনুশীলন করছে। অনেক অভিজ্ঞতাও আছে তার। নেইমারের ধরনটা আলাদা। দুজনই দারুণ, নিজেদের দলকে দুজনই সমৃদ্ধ করেছে।’নেইমারের বার্সা-অভিজ্ঞতা বিশ্বকাপেও কাজে আসবে বলে মনে করেন পেলে, ‘ইউরোপিয়ান ফুটবল ব্রাজিলিয়ান ফুটবলের চেয়ে আলাদা। এটা আরও শক্তিশালী। এখানে খেলোয়াড়দের আরও ভালো নজরদারিতে রাখা হয়। এটাই হতে যাচ্ছে নেইমারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ইউরোপ থেকে সে অনেক কিছু শিখবে। এটা তার জন্য ভালো। ব্রাজিলের জন্যও। তাকে আরও কিছু বাধা পেরোতে হবে। বিশ্বকাপে খেলতে হবে। হেডেও উন্নতি করতে হবে। আমি চাই সে আমার মতোই ভাগ্যবান হোক।’পেলে যেন দিব্যদৃষ্টিতেই দেখছেন নেইমারের অপার সম্ভাবনা, ‘তাকে জিদানের পর্যায়ে উঠতে হবে। আর জিদান তো একজন পূর্ণাঙ্গ ফুটবলার। সাম্প্রতিক সময়ের গ্রেটদের একজন।’ ব্রাজিল কোচ লুইস ফেলিপে স্কলারিও জানেন বিশ্বকাপে তাঁর তুরুপের তাস নেইমারই। তবে স্কলারি মনে করেন নেইমারকে একাই তারা হয়ে জ্বললে চলবে না, পুরো দলকেই আলোকিত করতে হবে, ‘২১ বছর বয়সে সে ব্রাজিলিয়ান সমর্থকদের একজন আইডল। আমার কাছেও। সে এমন একজন যে খেলার গতিপথ ঠিক করে দিতে পারে। সে দৌড়াতে পারে, পাস দিতে পারে। পারে প্রতিপক্ষকে পেরিয়ে যেতে। কিন্তু ‘টিম প্লেয়ার’ হলে সে আরও ভালো করবে। এটা অবশ্য সময় নেবে। এখন পর্যন্ত সে যা করেছে তাকে নিয়ে আমি সন্তুষ্ট। তাকে যা করতে বলা হয় তার সবই সে করছে। কিন্তু বয়স ও অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে সে আরও ভালো করবে।’
নেইমার কদিন আগে বলেছিলেন ‘জাতীয় বীর’ হতে চান না। তিনি চান বা না চান, জাতির স্বপ্নসারথি তাঁকে হতেই হচ্ছে! ওয়েবসাইট।