নেইমারকে নিয়ে সমস্যা দেখছেন না মেসি

বার্সেলোনার মেসি-নেইমার জুটির খেলা দেখার জন্য যেমন আগ্রহের কমতি নেই, তেমনি এই জুটির কার্যকারিতা নিয়ে সংশয়ী মানুষের সংখ্যাও বেশ ভারি। মেসি-নেইমার একসঙ্গে ভালো খেলতে পারবেন কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ডাচ কিংবদন্তি ইয়োহান ক্রুইফ থেকে শুরু করে অনেকেই। তা ছাড়া দুজনই এ সময়ের অন্যতম সেরা। ফলে ব্যক্তিত্বের সংঘাতও শুরু হয়ে যাবে কি না—এমন সংশয়ের কথাও উঠেছে। তবে যাঁদের নিয়ে এত আলোচনা সেই মেসি আর নেইমার এটাকে কোনো সমস্যাই মনে করছেন না। নেইমার তো আগেই বলেছিলেন, এবার মেসিও বেশ স্পষ্টভাবেই জানিয়ে দিলেন, নেইমারের সঙ্গে খেলতে তাঁর কোনোই সমস্যা হবে না।
থাইল্যান্ডের বিপক্ষে প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে প্রথমবারের মতো একসঙ্গে মাঠে নেমেছিলেন মেসি আর নেইমার। বার্সেলোনার ৭-১ ব্যবধানের বড় জয়ে গোল পেয়েছেন দুজনই। মেসি দুটি, নেইমার একটি। দুজনের সমন্বয় দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন বার্সার নতুন কোচ জেরার্ডো মার্টিনো। ম্যাচ শেষে মেসিও বলেছেন, তাঁদের এই জুটির সম্ভাব্য সংঘাত নিয়ে যেসব কথাবার্তা ছড়িয়েছে, সেগুলো নিছকই মিডিয়ার কারসাজি।
কুয়ালালামপুরে এক সংবাদ সম্মেলনে বার্সা তারকা বলেছেন, ‘আমাদের মধ্যে কোনো সমস্যা নেই। অনেক কথাবার্তাই আসছে শুধুই গণমাধ্যমের কারণে। আমরা মাঠে, মাঠের বাইরে এক সঙ্গেই থাকি। আর আস্তে আস্তে আমরা একে অপরকে আরও ভালোভাবে জানছি। আমরা এখনো একসঙ্গে খুব বেশি খেলিনি। কিন্তু সে আমাদের সবার জন্য, ক্লাবের জন্য, সমর্থকদের জন্য অনেক আনন্দ বয়ে আনবে।’
প্রাক-মৌসুম প্রস্তুতির জন্য বার্সেলোনা এখন আছে এশিয়া সফরে। আগামীকাল তারা খেলবে মালয়েশিয়া একাদশের বিপক্ষে। প্রস্তুতি ম্যাচগুলো ইউরোপিয়ান ফুটবলের আগামী মৌসুমে বেশ ভালোই কাজে দেবে বলে মনে করছেন মেসি, ‘আমরা খুব ভালো করছি। আমরা অনেক জায়গায় ঘুরছি, অনেক ম্যাচ খেলছি। যখনই সুযোগ মিলছে, তখনই আমরা অনুশীলন করছি। ম্যাচগুলোও খেলছি খুব গুরুত্ব দিয়ে। এই ম্যাচগুলোই আমাদের ছন্দে ফেরাবে। আশা করছি মৌসুমটা আমরা খুব ভালো অবস্থাতেই শুরু করতে পারব।’