নেইমারকে নিয়ে ইনিয়েস্তা
খবরটা জানা গিয়েছিল দুই দিন আগেই। নেইমার ভুগছেন রক্তাল্পতায়! তবে বার্সা-ভক্তদের আপাতত উদ্বিগ্ন না হলেও চলবে। আন্দ্রেস ইনিয়েস্তা কাল জানিয়েছেন এখন সুস্থই আছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার। অনুশীলনেও কোনো সমস্যা হচ্ছে না তাঁর। এমনিতেই উচ্চতার তুলনায় নেইমারের ওজন বেশ কম। বার্সায় স্বাস্থ্যপরীক্ষার সময়ই সেটা জানা গিয়েছিল। ওজন কম, একই সঙ্গে যদি থাকে রক্তাল্পতা, শীর্ষ পর্যায়ের যেকোনো খেলোয়াড়ের জন্যই এটা খারাপ। এতে সংশ্লিষ্ট খেলোয়াড়টি অবসাদগ্রস্ত হয়ে পড়েন। নেইমারকে নিয়ে তাই শুরুতেই একটু উদ্বিগ্ন হয়ে পড়েছিল বার্সা। তবে নেইমারের ওজন বাড়ানোর সঙ্গে রক্তাল্পতার সমস্যা কাটিয়ে উঠতে বিশেষ পথ্যসেবা দেওয়া হচ্ছে।এখন বার্সেলোনা আছে প্রাক-মৌসুম প্রস্তুতিতে থাইল্যান্ড সফরে। সেখানেই ইনিয়েস্তা জানিয়েছেন, সব ঠিকই আছে, ‘রক্ত পরীক্ষার ফল ভালোই এসেছে। সে (নেইমার) অনুশীলন করতে পারছে।’ বলেছেন নতুন ক্লাবের সঙ্গে মানিয়ে নিতে এমনিতেও ব্রাজিল তারকার একটু সময় লাগবে, ‘নতুন পরিস্থিতির সঙ্গে ওর খাপ খাইয়ে নিতে সময় লাগবে।’বার্সায় স্বদেশি দানি আলভেজকে সতীর্থ হিসেবে পেয়েছেন নেইমার। এটাও তাঁকে সাহায্য করবে বলে মনে করেন ইনিয়েস্তা, ‘আমি মনে করি নেইমার দানি আলভেজের সঙ্গে অনেক ঘনিষ্ঠ। সময়ে সব ঠিক হয়ে যাবে। সে প্রতিভাধর। অন্যদের সঙ্গেও সে খেলতে পারে। এতে (রক্তাল্পতা) তেমন কোনো সমস্যা হবে না।’ এএফপি।