নেইমারকে নিয়ে বার্সা-রিয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটকের প্রথম অঙ্কটা মঞ্চস্থ হয়েছিল আগেই। বার্সেলোনা ও নেইমারের সম্ভাব্য মিলনে বাধা হয়ে ছিল সান্তোস। এখন দেখা যাচ্ছে শেষ অঙ্কটাই জমজমাট। রিয়াল মাদ্রিদও যে ঢুকে পড়েছে মঞ্চে! পর্দা নামার আগে আসল ঘোষণাটা দিতে হবে নেইমারকেই। কাকে তিনি বেছে নেবেন, রিয়াল না বার্সা? তিন বছর ধরেই নেইমারের ইউরোপে আসা নিয়ে গুঞ্জন। সম্ভাব্য গন্তব্য হিসেবে বার্সেলোনার নামটাই শোনা যাচ্ছিল বেশি। ব্রাজিলের বিশ্বকাপ-ভরসা অবশ্য বারবারই বলছিলেন, সান্তোসে তিনি সুখেই আছেন। এমনকি গত বছরও বলেছিলেন, বিশ্বকাপ ফুটবলের আগে ব্রাজিল ছাড়ছেন না। কিন্তু এর মধ্যে ঘটে গেছে অনেক ঘটনা। সময়ের পালাবদলে নেইমারের ইউরোপে আসাটা এখন স্রেফ সময়ের ব্যাপার। সান্তোস তিন বছর ধরে ধরে রাখার যুদ্ধে ক্ষান্তি দিয়ে অবশেষে ২১ বছর বয়সী স্ট্রাইকারকে ছেড়ে দিতে সম্মত হয়েছে। একই সঙ্গে জানিয়েছে রিয়াল মাদ্রিদও নেইমারকে পেতে চায়। ব্রাজিলের ফোলহা ডি সাওপাওলো পত্রিকা জানিয়েছে, বার্সেলোনা-রিয়াল দুই দলের প্রতিনিধিদলই ব্রাজিলে এসেছিল। নেইমারকে পেতে বার্সেলোনার সর্বশেষ প্রস্তাবটি নাকি ৩৬.১২ মিলিয়ন ডলারের। ব্রাজিলের জার্সি গায়ে নিষপ্রভ পারফরম্যান্সই বলে দিচ্ছিল, বড় মঞ্চে কিছু করতে হলে ইউরোপে আসা ছাড়া গতি নেই নেইমারের। দিন কয়েক আগেও মনে হচ্ছিল, মেসি-জাভিদেরই সতীর্থ হতে যাচ্ছেন নেইমার। কিন্তু শেষ পর্যন্ত বার্সেলোনার ‘মুখের গ্রাস’ যদি ছিনিয়ে নিয়ে যায় রিয়াল, বলার কিছু থাকবে না। রিয়াল নেইমারকে পাওয়ার লড়াইয়ে নেমেছে দেখেই উল্লসিত ক্লাবটির সাবেক ক্রীড়া পরিচালক হোর্হে ভালদানো। তাঁর চোখে এটি হবে রিয়ালের দিক থেকে দারুণ এক ‘অভ্যুত্থান’, ‘রিয়াল মাদ্রিদ নেইমারকে সাইন করাতে পারলে সেটা হবে বিরাট এক অভ্যুত্থান। সেটা শুধু নেইমার দুর্দান্ত খেলোয়াড় বলেই নয়, বার্সেলোনার নাকের ডগা থেকে তাকে তারা ছিনিয়ে নিতে পারবে বলেও।’বার্সা-রিয়ালের ‘দ্বৈরথটা’ মনে হয় উপভোগই করছেন নেইমার। সান্তোস তাঁকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, বার্সেলোনা-রিয়াল দুই দলই তাঁকে পাওয়ার লড়াইয়ে নেমেছে এটা জানার পর বলেছেন, ‘এটা সম্মানের, এটাই আমার জীবনের সবচেয়ে সুখের মুহূর্ত।’ তবে হুট করে কোনো সিদ্ধান্ত নেবেন না বলেই জানিয়েছেন, ‘আমি আমার পরিবারের সঙ্গে কথা বলেই সিদ্ধান্তটা নেব। কোনো তাড়া নেই আমার। পাঁচ মিনিট, আধঘণ্টা বা তিন দিনের মধ্যেই এটা নেওয়া যায়। আমার পরিবারই ঠিক করবে আমার জন্য কোনটা ভালো হবে।’ রয়টার্স, ওয়েবসাইট।