নেইমারকে নিয়ে বিচলিত ব্রাজিলও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠের পারফরম্যান্স নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু মাঠের বাইরে ‘নেইমার-বিতর্কে’ যে টালমাটাল বার্সেলোনা! ঝড়টা এমনই প্রবল যে সান্দ্রো রোসেলকে সভাপতির পদ থেকেই সরে যেতে হয়েছে। তাতেও বিতর্ক থামেনি, গড়িয়েছে আদালত পর্যন্ত। সংকট নিরসনে এবার এগিয়ে এসেছেন স্বয়ং নেইমারের বাবা। স্বীকার করেছেন, নেইমারকে বার্সেলোনার নিয়ে যাওয়ার নিশ্চয়তা হিসেবে স্প্যানিশ ক্লাবটির কাছ থেকে অগ্রিম এক কোটি ইউরো নিয়েছেন তিনি!
ব্রাজিল তারকাকে সান্তোস থেকে নিয়ে আসতে ৫ কোটি ১০ লাখ ইউরো খরচ হয়েছে বলে এত দিন দাবি করে আসছিল বার্সেলোনা। কিন্তু স্প্যানিশ দৈনিক এল মুন্ডো কয়েক দিন আগে বোমা ফাটিয়ে জানায়, অঙ্কটা আসলে ৯ কোটি ৫০ লাখ ইউরো। অপ্রকাশিত বাড়তি অর্থটা গেছে নেইমারের বাবার পকেটে! সেটির প্রামাণ্য দলিলপত্রও তাদের হাতে আছে। এমন বিস্ময়কর তথ্যে বার্সেলোনারই এক সদস্য সাবেক সভাপতি সান্দ্রো রোসেলের বিরুদ্ধে মামলা করেন। অভিযোগ তোলেন, ক্লাবের সব সদস্যকে কেন ব্যাপারটা জানানো হলো না? পুরো ব্যাপারটা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন একটি স্প্যানিশ আদালত। এই বিতর্কের ডামাডোলেই সভাপতি পদে ইস্তফা দেন রোসেল। নতুন সভাপতির দায়িত্ব নিয়ে জোসেপ মারিয়া বার্তোমেউ সবিস্তারে জানিয়েছেন নেইমারের সঙ্গে বার্সেলোনার চুক্তিটা। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, নেইমারকে দলে টানতে বার্সার খরচ হয়েছে ৮ কোটি ৬২ লাখ ইউরো। এর মধ্যে ৫ কোটি ১০ লাখ ট্রান্সফার ফি, বাকি খরচটা হয়েছে সাইনিং বোনাস, কমিশন, বিপণন ও নেইমার ফাউন্ডেশনের পেছনে। কিন্তু ট্রান্সফার ফির বাইরেও বার্সেলোনাকে মোটা অঙ্ক গুনতে হয়েছে, নেইমারকে দলে পেতে যেটি দুই পক্ষের সম্মতিতে গোপন রাখা হয়। এর মধ্যে নেইমারকে বার্সেলোনায় দেওয়ার নিশ্চয়তাস্বরূপ ২০১১ সালে এক কোটি ইউরো অগ্রিম নিয়েছেন বলে পরশু স্বীকার করেছেন তাঁর বাবা। তবে এটিকে তিনি অনৈতিক বলতে নারাজ, ‘নেইমার সান্তোস ছাড়ত শুধু বার্সেলোনার জন্যই। আমি শুধু ব্যাপারটা নিশ্চিত ও সুরক্ষিত করেছি।’ চুক্তিটাকে আর গোপন রাখার জন্য তিনি নাকি বার্সেলোনাকে অনুরোধও জানিয়েছিলেন।
এদিকে বিশ্বকাপের আগে ব্রাজিলিয়ান এই ফুটবলারকে নিয়ে এমন টানাহেঁচড়া মোটেও পছন্দ হচ্ছে না ১৯৭০ বিশ্বকাপের ব্রাজিল অধিনায়ক কার্লোস আলবার্তোর। এটা আগামী বিশ্বকাপে নেইমারের পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও মনে করেন তিনি, ‘ছেলেটাকে রক্ষা করতে আমাদের কিছু করতে হবে। এসব থেকে যেকোনোভাবে ওর মনোযোগ সরিয়ে রাখতে হবে।’ এএফপি, ওয়েবসাইট।