নেইমারকে নিয়ে রোনালদোর আশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বসেরা খেলোয়াড় হওয়ার স্বপ্ন তিনিও দেখেন। নেইমারের এই স্বপ্নটাই এবার রাঙিয়ে দিলেন রোনালদো। ব্রাজিলিয়ান কিংবদন্তি দিব্যদৃষ্টিতে দেখতে পাচ্ছেন নেইমারের মধ্যে আগামী দিনের বিশ্বের সেরা খেলোয়াড়ের ছবি। দুই বছরের মধ্যেই নেইমার বিশ্বের সেরা খেলোয়াড় হয়ে যাবেন বলে ঘোষণাও করে দিলেন তাই।১৯ বছর বয়সী নেইমার ব্রাজিল জাতীয় দলে নিয়মিত হয়ে গেছেন এরই মধ্যে। এবারের কোপা আমেরিকায় তাঁর কাছে ব্রাজিলিয়ানদের বড় প্রত্যাশা ছিল। মাঝেমধ্যে ঝলক দেখালেও সেই প্রত্যাশা পূরণে ব্যর্থই বলতে হবে তাঁকে। প্যারাগুয়ের কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায়ের পর ব্রাজিলের অন্য সবার মতো নেইমারের দিকেও ধেয়ে আসছে সমালোচনা।ফুটবল-পাগল জাতির প্রত্যাশার বোঝা বয়ে বেড়ানোর অভিজ্ঞতা ভালোই আছে রোনালদোর। তাঁর কাঁধেও অল্প বয়সেই বোঝাটা চেপেছিল। তবে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিকের বিশ্বাস, সর্বোচ্চ পর্যায়ে সফল হওয়ার সামর্থ্য নেইমারের আছে। ‘ও টেকনিক্যালি ভালো, দুর্দান্ত গতি আছে। ব্যক্তিত্বটাও দারুণ, কারণ ও সব সময়ই একই রকম, এমনকি যখন ওকে ফাউল করা হয় কিংবা টেনে ধরা হয়, তখনও’—ক্যানাল প্লাসকে বলেছেন তিনবারের ফিফা বর্ষসেরা ফুটবলার।তবে রোনালদো মনে করেন, নেইমারকে বিশ্বের সেরা খেলোয়াড় হতে হলে ব্রাজিল ছেড়ে পাড়ি জমাতে হবে ইউরোপে। ‘আমার মনে হয়, ও এখনই ব্রাজিলের সেরা খেলোয়াড়। আমি নিশ্চিত, ইউরোপে এক-দুই বছর খেলার পর ও বিশ্বের সেরা খেলোয়াড় হয়ে যেতে পারে।’শুধু নেইমারের চোখে স্বপ্ন এঁকে দেওয়াই নয়, সেই স্বপ্ন পূরণের জন্য উত্তরসূরিকে কিছু পরামর্শও দিয়েছেন রোনালদো, ‘জাতীয় দলের মূল খেলোয়াড় হওয়ার পর্যায়ে পৌঁছালে আপনি শুধুই চাপ আর চাপ খুঁজে পাবেন। এই বালকটিকে মনটা পরিষ্কার রাখতে হবে, শান্ত এবং দৃঢ়সংকল্প থাকতে হবে, নিজের পথ থেকে বিচ্যুত হলে চলবে না।’রোনালদো যখন ভবিষ্যৎ গড়ার জন্য নেইমারকে ইউরোপে পাড়ি জমাতে বলছেন, তখন নেইমার নিজে বলছেন অন্য কথা। চেলসি, রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা—ইউরোপের বড় বড় সব ক্লাব তাঁকে পেতে প্রতিযোগিতায় নেমেছে। কিন্তু কোপার ব্যর্থ মিশন শেষে দেশে ফিরে নেইমার জানিয়ে দিলেন, ‘আমি সান্তোসেই থাকব।’ ওয়েবসাইট।