নেইমারকে নিয়ে সান্তোস-চেলসির টানাপোড়েন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তরুণ ব্রাজিলীয় তারকা নেইমারকে নিয়ে ইংলিশ ক্লাব চেলসি ও ব্রাজিলের সান্তোসের মধ্যে লড়াই জমে উঠেছে। সান্তোস সম্প্রতি ১৮ বছর বয়সী এই তরুণ উদীয়মান তারকাকে বিক্রির চেলসির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। চেলসি নেইমারকে বিক্রির জন্য সান্তোসের কাছে ২০ মিলিয়ন ইউরোর একটা প্রস্তাব দিয়েছে। তবে সান্তোস জানিয়েছে, চেলসির এ প্রস্তাবটি নিয়মবিরুদ্ধ। তারা জানিয়েছে, এ ধরনের প্রস্তাব ভবিষ্যতে কোনো ক্লাব সান্তোসকে দিলে তারা এর বিরুদ্ধে ফিফার কাছে নালিশ করবে।এদিকে যাঁকে নিয়ে এত বিতর্ক, সেই নেইমার অবশ্য স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি তাঁর ক্লাব সান্তোস ছেড়ে অন্য কোথাও যাবেন না। ‘চেলসির মতো ক্লাব দল গঠনের সময় আমাকে স্মরণ করেছে বলে আমি অত্যন্ত কৃতজ্ঞ। তবে এ মৌসুমে সান্তোস ছেড়ে অন্য কোথাও যাওয়ার কোনো পরিকল্পনা আমার নেই।’ বলেছেন নেইমার।এর পরপরই একজন সাংবাদিক নেইমারকে তাঁর ভবিষ্যত্ নিয়ে প্রশ্ন করেন। এ সময় নেইমার অসম্ভব বিরক্ত হয়ে বলেন, ‘আমি বলেছি সান্তোস ছেড়ে এ মৌসুমে আমি কোথাও যাচ্ছি না। আপনি কি কানে শোনেন না?’নেইমারের বিরুদ্ধে ইতিমধ্যেই অভিযোগ উঠেছে তিনি তাঁর ক্লাব সান্তোসের অনুমতি ছাড়া ইংলিশ ক্লাব চেলসির সঙ্গে সরাসরি আলোচনায় বসেছিলেন। এ অভিযোগকে সরাসরি উড়িয়ে দিয়ে নেইমার বলেন, ‘আমি জানি না চেলসির সঙ্গে আমার কবে, কোথায় আলোচনা হয়েছে। ব্যাপারটি আমি আপনাদের কাছ থেকেই আজ প্রথম শুনেছি।’এদিকে নেইমারের সঙ্গে চেলসি অনুমতি ছাড়া সরাসরি আলোচনা করেছে, এমন অভিযোগের ভিত্তিতে সান্তোস ফিফার কাছে নালিশ জানানোর প্রস্তুতি শুরু করে দিয়েছে। এ ব্যাপারে সান্তোস আইনজ্ঞদের সঙ্গেও আলোচনা শুরু করেছে বলে জানো গেছে। রয়টার্স।