নেইমারকে পেয়ে খুশি মেসি
লিওনেল মেসি সংশয়টা উড়িয়ে দিয়েছেন আগেই। এবার শুধু উড়িয়ে দেওয়াই নয়, বার্সেলোনার আর্জেন্টাইন তারকা স্পষ্টই জানিয়ে দিলেন, নেইমারের সঙ্গে তাঁর সম্পর্কটা খুবই ভালো। ব্রাজিলিয়ান তরুণ তারকার সঙ্গে জুটি বেঁধে খেলতে পেরে তিনি খুশি। গত মে মাসে সান্তোস ছেড়ে বার্সেলোনায় যোগ দিয়েছেন নেইমার। কিন্তু মেসি ও নেইমার সফল একটা জুটি গড়ে তুলতে পারবেন কিনা, তা নিয়ে দ্বিধান্বিত অনেকেই। ইয়োহান ক্রুইফের মতো কিংবদন্তিই তো এই দলটির পুরোধা। স্বাভাবিকভাবেই দুই তারকার জুটির খেলা দেখা নিয়ে তৈরি হয়েছিল অন্য রকম কৌতূহল। ফুটবলপ্রেমীদের সেই কৌতূহল আস্তে আস্তে মিটতে শুরু করেছে। গত বুধবার মেসি-নেইমার একসঙ্গে খেললেন ব্যাংককে। থাইল্যান্ড জাতীয় দলের সঙ্গে প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে দুজনেই খেলেছেন প্রথমার্ধে। গোলও করেছেন দুজনই। ৭-১ গোলের জয়ে মেসি করেছেন জোড়া গোল। বার্সেলোনার জার্সি গায়ে নেইমার করেন প্রথম গোল। গোল করাই শুধু নয়, মাঠে দুজনের বোঝাপড়াটাও ছিল দুর্দান্ত।কুয়ালালামপুরে গিয়ে মেসি দলের জয় বা গোল করার তৃপ্তির চেয়ে নেইমারের সঙ্গে জুটি গড়ার তৃপ্তিটাকেই দেখিয়েছেন বড় করে, ‘আমরা খুব কম সময়ই দলে একসঙ্গে খেলার সুযোগ পেয়েছি। তবে আমাদের মধ্যে কোনো সমস্যা নেই। একে অন্যের সঙ্গে আমাদের সম্পর্কটা খুবই ভালো এবং বার্সেলোনার হয়ে একসঙ্গে খেলতে পেরে আমরা খুশি।’খুশি বার্সেলোনার নতুন কোচ জেরার্ডো মার্টিনোও। মেসি-নেইমার জুটি হতে পারত গত পরশুও। কিন্তু চোট-শঙ্কার কারণে এদিন কুয়ালালামপুরে এশিয়া সফরের দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ান একাদশের বিপক্ষে খেলেননি মেসি। মেসির অনুপস্থিতি অবশ্য বুঝতেই দেননি নেইমার। নিজে এক গোল করেছেন, সতীর্থ ফ্যাব্রিগাসকে দিয়ে করিয়েছেন আরেকটি। বার্সার ৩-১ গোলের জয়ে তৃতীয় গোলটি পিকের। স্প্যানিশ লিগে খেলতে নামার আগে এশিয়ায় প্রাক-মৌসুম প্রস্তুতিটা ভালোই হলো বার্সেলোনার। ১৭ আগস্ট থেকে শুরু হচ্ছে লা লিগা। এএফপি।