নেইমারকে বার্সায় চান আলভেস
নেইমারকে নিয়ে ইউরোপে আগ্রহটা প্রবল। তাঁকে অনেক দিন ধরেই ইউরোপীয় ফুটবলে নিয়ে আসার চেষ্টা চলছে। অনেক বড় ক্লাবই আগ্রহী ব্রাজিলের এই তরুণ প্লে-মেকারকে দলে নিতে। তবে নেইমার যদি সত্যিই ইউরোপে আসতে চান, তা হলে তাঁর গন্তব্য বার্সেলোনা হওয়াই উচিত বলে মনে করেন তাঁর ব্রাজিলীয় সহযোদ্ধা দানি আলভেস। আলভেস মনে করেন, কাতালান এই ক্লাবে নেইমারের প্রতিভার সত্যিকারের উন্মেষ ঘটা সম্ভব।নেইমারকে এর আগেও বেশ কয়েকবার বার্সায় আসতে বলেছিলেন আলভেস। আজ বাদে কাল নেইমারকে ইউরোপে যদি আসতেই হয়, সে ক্ষেত্রে তাঁর গন্তব্য বার্সা হওয়া উচিত বলেই মনে করেন তিনি। দানি আলভেসের মতে, বার্সেলোনা একটি ক্লাবের চেয়েও বেশি কিছু।ফিফা ডটকমের সঙ্গে এক আলাপচারিতায় আলভেস বলেন, বার্সা একজন খেলোয়াড়ের প্রতি অনেক যত্ন নেয়। এমনকি খেলোয়াড় ও খেলোয়াড়ের পরিবারেরও দেখভাল করে তারা। বার্সেলোনার এমন কিছু মূল্যবোধ আছে, যা অন্য আর প্রায় কোনো ক্লাবের নেই। এটাই বার্সেলোনাকে অনন্য অবস্থানে নিয়ে গেছে। তিনি আরও বলেছেন, বার্সেলোনার সঙ্গে অন্য ক্লাব প্রতিযোগিতা করে পারবে না। কারণ, তারা কাজ শুরু করে একেবারে নিচু সারি থেকে। সে কারণে দলটি ভালো ভালো ফুটবলার তৈরি করতে পেরেছে। বার্সেলোনা প্রয়োজন অনুসারে খুবই অল্প কিছু খেলোয়াড়ের সঙ্গে চুক্তিবদ্ধ হয়। বাকি সবাই উঠে আসে লা মেসিয়া থেকে। তারা এই কাজটা করারই প্রতিশ্রুতি দিয়েছিল। আর ফলাফল হিসেবে তারা কোন জায়গায় আছে, সেটা তো দেখাই যাচ্ছে।’