নেইমারকে বার্সায় যাওয়ার পরামর্শ পেলের
ম্যানচেস্টার সিটি বা রিয়াল মাদ্রিদ নয়, সান্তোস স্ট্রাইকার নেইমারের যাওয়া উচিত স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনায়; এমনটাই মনে করেন ব্রাজিলীয় ফুটবল কিংবদন্তি পেলে। এই মুহূর্তে বার্সা, রিয়ালসহ নামীদামি অনেক ক্লাবই নেইমারকে নিতে আগ্রহী। এ নিয়ে গণমাধ্যমে সর্বশেষ খবর, নেইমারকে পেতে তাঁর ক্লাব সান্তোসকে ৫৫ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিতে চলেছে ম্যানচেস্টার সিটি। গণমাধ্যমে প্রকাশিত খবরের প্রতিক্রিয়ায় আজ বুধবার পেলে বলেন, ‘ইংল্যান্ড, ইতালি ও জার্মানিতে খেলা কঠিন। আমি মনে করি, নেইমারের জন্য আদর্শ জায়গা হতে পারে বার্সেলোনা। তবে ওকে সান্তোসের প্রয়োজন রয়েছে। তাই নেইমারকে আমি ক্লাব ছাড়তে বলব না। তবে অন্য কোথাও যেতে হলে ওর বার্সেলোনাতেই যাওয়া উচিত।’৭২ বছর বয়সী পেলে বলেন, ‘নেইমার অসাধারণ খেলোয়াড়। তবে ব্রাজিলের বাইরে খেলার অভিজ্ঞতা ওর নেই। ব্রাজিলের বাইরে সে যেসব ম্যাচ খেলেছে, সব কটিতেই খারাপ করেছে। সবাই মনে করে, নেইমার ব্রাজিল দলের সব সমস্যা সমাধান করতে পারবে। কিন্তু সে এত বড় ভার নেওয়ার মতো প্রস্তুত নয়। তবে নেইমারের ওপর পূর্ণ আস্থা রয়েছে আমাদের।’