নেইমারকে মিস করব: গানসো
সান্তোস ছেড়ে পাঁচ বছরের চুক্তিতে নাম লিখিয়েছেন আরেক ব্রাজিলীয় ক্লাব সাও পাওলোতে। নতুন ক্লাবে পরিচিতি অনুষ্ঠানটাও হয়ে গেল গতকাল সোমবার। ওই অনুষ্ঠানে পাওলো হেনরিক গানসো জানিয়েছেন, নেইমারকে মিস করবেন তিনি।নেইমার-গানসোর বন্ধুত্ব ২০০৮ সাল থেকে। সান্তোসের হয়ে খেলার সময়। গানসো জানিয়েছেন, নেইমারকে শুধু একজন ভালো বন্ধুই নয়, নিজের ভাই হিসেবে দেখেন তিনি। ‘নেইমারের সঙ্গে একই ক্লাবের হয়ে খেলাটা খুব মিস করব। নেইমারও আমাকে মিস করবে। আমি ওকে আমার ভাই মনে করি।’ বলেছেন ২২ বছর বয়সী গানসো।গানসোর আশা, খুব দ্রুত নেইমারের সঙ্গে একই দলের হয়ে খেলবেন তিনি। সেটা হয়তো ক্লাবের হয়ে নয়, জাতীয় দলের হয়ে। গানসো বলেন, ‘আমি নেইমারকে বলেছি, সাও পাওলোর হয়ে ভালো খেললে জাতীয় দলে আবার দেখা হবে আমাদের।’আগামী দুই সপ্তাহের মধ্যে হয়তো সাও পাওলোর হয়ে মাঠে দেখা যাবে গানসোকে। স্বাভাবিকভাবেই খেলতে হবে নেইমারের ক্লাব সান্তোসের বিপক্ষেও। নেইমারের বিপক্ষে প্রথমবারের মতো খেলতে কেমন লাগবে, এ প্রশ্নে গানসোর প্রতিক্রিয়া, ‘ভাগ্যিস, আমি ডিফেন্ডার নই। নেইমার অসাধারণ।’ সূত্র: সিনহুয়া।