নেইমারকে মেসির আগাম শুভেচ্ছা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই গ্রীষ্মেই তাহলে বার্সেলোনায় যোগ দিচ্ছেন নেইমার? ব্রাজিলিয়ান পত্রিকা ও গ্লোবোর খবর অন্তত সে রকমই। পত্রিকাটি জানিয়েছে, গত সপ্তাহেই বার্সেলোনার সঙ্গে মতৈক্যে পৌঁছেছেন নেইমার। একটা সম্মতিপত্রে স্বাক্ষরও করেছেন। জুনে ব্রাজিলের হয়ে কনফেডারেশনস কাপে খেলার পরই সান্তোস তারকা যোগ দেবেন বার্সেলোনায়।নেইমার বার্সেলোনায় আসছেন বলে গুঞ্জন অনেক দিন ধরেই। কিন্তু তিনি নিজেই প্রথমে অনাগ্রহী ছিলেন, তাঁর ক্লাবও তাঁকে আসতে দিতে চাইছিল না। তবে সান্তোসই নাকি এবার চুক্তি করার অনুমতি দিয়েছে নেইমারকে। সেটির অবশ্য কারণও আছে। সান্তোসের সঙ্গে নেইমারের চুক্তি আছে ২০১৪ বিশ্বকাপ পর্যন্ত। কাজেই এ মৌসুমেও সান্তোসেই থাকলে আগামী মৌসুমেই নেইমার হয়ে যাবেন মুক্ত খেলোয়াড়। সে ক্ষেত্রে তাঁর ওপর ৬ কোটি ৫০ লাখ ইউরোর যে ‘বাই-আউট ক্লজ’ ঝুলিয়ে রাখা হয়েছে, তার এক টাকাও পাবে না সান্তোস। অথচ নেইমারকে এখন বিক্রি করলেই পাওয়া যাবে বাই-আউট ক্লজের টাকা। ওয়েবসাইট।এদিকে লিওনেল মেসিও যেন আগাম শুভেচ্ছা জানিয়ে রাখলেন নেইমারকে। বললেন, নেইমার ন্যু ক্যাম্পে যোগ দিলে সেটা হবে বার্সেলোনায় ‘অসাধারণ এক সংযোজন’। এক অর্থে নেইমারের আগমনবার্তায় মেসির উল্লসিত হওয়ার কথা নয়। তাঁর মতো নেইমারও আক্রমণভাগের খেলোয়াড়। কাজেই নেইমারের মতো একজন খেলোয়াড় এলে মেসি বার্সার আক্রমণভাগে এখনকার মতো স্বাধীনভাবে খেলতে পারবেন কি না, সেই প্রশ্ন থাকেই। তবে সেসব না ভেবে মেসি নেইমারকে আগাম শুভেচ্ছা জানিয়ে বললেন, ‘আমি জানি না, সে শেষ পর্যন্ত আমাদের ক্লাবে আসবে কি আসবে না। তবে এটা সত্য, তার মতো খেলোয়াড় এলে দলে ভিন্ন মাত্রা যোগ হবে।’