নেইমারকে যেন চাপে পিষ্ট করা না হয়: পেলে

হলুদ জার্সির হয়ে এরই মধ্যে ৪২ ম্যাচে করেছেন ২৬ গোল। মাত্রই কদিন আগে চার গোল করে, চারটি গোল করিয়ে ব্রাজিলকে জিতিয়েছেন কনফেডারেশনস কাপ। নেইমার যে এই দলের প্রাণভোমরা, সেটি আর না বললেও চলে। কিন্তু পেলে এ-ও মনে করিয়ে দিচ্ছেন, নেইমারের বয়স মাত্র ২১ বছর। ব্রাজিল কিংবদন্তি তাই বলছেন, নেইমারের ওপর অতিনির্ভরতা তৈরি করে, আরও বেশি দায়িত্ব চাপিয়ে দিয়ে তাঁকে যেন চাপে পিষ্ট করে ফেলা না হয়।
‘নেইমার অনন্য সাধারণ একজন খেলোয়াড়। এই দলটার মূল ভিত্তি সে-ই। তবে আমরা কিন্তু ওর ওপর অতিমাত্রায় নির্ভরতা তৈরি করে ফেলতে পারি না’—বলেছেন পেলে।
নেইমারের ওপর থেকে যাঁরা চাপ কমাতে পারেন, তাঁদেরই একজন জো। এ বছর ব্রাজিলের হয়ে ছয় ম্যাচে পাঁচ গোল করলেও জো-র ওপর যেন পূর্ণ আস্থা রাখতে পারছেন না পেলে। এখনো দলে জো-র জায়গা পাকা নয় বলেই মনে করছেন তিনি, ‘জো বেশ ভালো ফর্মে আছে এই মুহূর্তে। কিন্তু ব্রাজিলের প্রধান স্ট্রাইকার হিসেবে ওর জায়গা এখনো নিশ্চিত নয়। আসলে আক্রমণভাগটা নিয়ে এখনো অনেক কাজ করতে হবে। রক্ষণ নিয়ে অতটা না ভাবলেও চলবে, সেটা ঠিকই আছে।’