নেইমারকে সান্তোসেই থাকার পরামর্শ পেলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাজিলের ফুটবলের নতুন যুগের অন্যতম তারকা নেইমার। যুক্তরাষ্ট্রের বিপক্ষে অভিষেক ম্যাচেই গোল করে নিজের যোগ্যতার প্রমাণও দিয়েছেন ১৮ বছর বয়সী এই স্ট্রাইকার। ব্রাজিলের ভবিষ্যৎ ফুটবল তারকা যেন কোনো ভুল সিদ্ধান্ত না নিয়ে ফেলেন, সে জন্য উদ্বিগ্ন হয়ে আছেন ব্রাজিল কিংবদন্তি পেলে। আরও একবার নেইমারকে ইংলিশ কোনো ক্লাবে না গিয়ে দেশের ক্লাব সান্তোসেই খেলার পরামর্শ দিলেন তিনি।ব্রাজিলের তরুণ স্ট্রাইকার নেইমারকে পেতে উঠেপড়ে লেগেছে গত মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ী চেলসি। নেইমারের দিকে নজর আছে ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেডেরও। তবে এখনই নেইমারের ইংলিশ লিগে খেলতে যাওয়া ঠিক হবে না বলে মন্তব্য করেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে।ইংলিশ প্রিমিয়ার লিগের খেলার স্টাইলটা নেইমার সহজে রপ্ত করতে পারবেন না। তাঁর আরও কিছু দিন ব্রাজিলের ক্লাবেই খেলা উচিত, বলেছেন পেলে। নেইমার যদি চেলসিতে যান, তাহলে তিনি একটা বড় ভুল করবেন বলে নেইমারকে সাবধান করে দিয়েছেন এই ফুটবল কিংবদন্তি। ব্রাজিলের নতুন কোচ মানো মেনেজেস ও ব্রাজিলের ক্রীড় মন্ত্রী অরল্যান্ডো সিলভাও নেইমারকে দেশেই থাকার পরামর্শ দিয়েছেন।নেইমারকে কেনার জন্য ব্রাজিলের ক্লাব সান্তোসকে ২৬ মিলিয়ন ডলারের প্রস্তাব দিয়েছে চেলসি। কিন্তু চেলসির এ প্রস্তাব ফিরিয়ে দিয়ে সান্তোস নেইমারের জন্য ৪৫ মিলিয়ন ডলার দাবি করেছে।¬—টাইমস অব ইন্ডিয়া