নেইমারকে হারাতে চায়নি বলে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বার্সার নতুন সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ
বার্সার নতুন সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ

আলফ্রেডো ডি স্টেফানোর মনে এই কদিন নিশ্চয়ই উঁকি দিয়ে যাচ্ছে একটা স্মৃতি। আজ থেকে ৬১ বছর আগে ডি স্টেফানো বার্সেলোনাতে প্রায় যোগ দিয়েই ফেলেছিলেন। অনেক নাটকের পর শেষ পর্যন্ত নাম লেখালেন রিয়াল মাদ্রিদে। রিয়ালের স্টেডিয়াম যাঁর নামে, সেই সান্তিয়াগো বার্নাব্যুই নিয়ে এসেছিলেন ডি স্টেফানোকে। বাকিটা ইতিহাস। তবে আর্জেন্টাইন গ্রেটকে পেয়েও না পাওয়ার দুঃখটা অনেক দিনই অনুরণিত হওয়ার কথা নু ক্যাম্পে।
বার্সেলোনা ভোলেনি এ ঘটনা। পরশু তা মনে করিয়ে দিলেন বার্সার নতুন সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ, ‘আমরা ডি স্টেফানোকে হারিয়েছিলাম। নেইমারকে হারাতে চাইনি।’
নেইমারকে হারানোর কথা আসছে কেন? বার্তোমেউ ইঙ্গিতে বোঝালেন নেইমারকে কিনতে উঠেপড়ে লেগেছিল ‘আরেকটি’ ক্লাব। এমনকি বার্সেলোনার চেয়ে ২ কোটি ইউরো বেশি প্রস্তাবও নাকি দিয়েছিল। বার্তোমেউ সরাসরি সেই ক্লাবের নাম বলেননি। তবে পরোক্ষে বুঝিয়ে দিলেন রিয়াল মাদ্রিদের কথা!
রিয়াল নিশ্চয়ই এখন নেইমারের সঙ্গে বার্সার করা আর্থিক চুক্তি নিয়ে ঘটে যাওয়া ঘটনাপ্রবাহ উপভোগ করছে! সেই চুক্তির টাকার অঙ্কের গোপনীয়তা নিয়ে শেষ পর্যন্ত বার্সার সভাপতির চেয়ার ছাড়তে হলো সান্দ্রো রোসেলকে। নেইমারকে আনতে আসলে কত টাকা খরচ হয়েছে? এ নিয়েই ছিল মূল বিতর্ক। শেষ পর্যন্ত অঙ্কটা প্রকাশ্যে জানাতে হলো বার্সাকে। একদিক দিয়ে রোসেল ঠিকই ছিলেন, শুধু ‘দলবদলের’ অঙ্কটা ৫ কোটি ৭০ লাখ ইউরোই। কিন্তু পুরো চুক্তিটা করতে আসলে বার্সার খরচ হয়েছে ৮ কোটি ৬২ কোটি ইউরো!
এ নিয়ে বিস্তারিত খোলাসা করেছে বার্সা। নেইমারের দলবদলের খরচ ৫ কোটি ৭০ লাখ ইউরো। এর মধ্যে ৪ কোটি পেয়েছে নেইমার ও তাঁর বাবা। বাকি ১ কোটি ৭০ লাখ সান্তোস। এত দিন অপ্রকাশিত ২ কোটি ৯২ লাখ ইউরোর হিসাবটা এ রকম; ১ কোটি সাইনিং বোনাস, ২৭ লাখ কমিশন, ৪০ বিপণন, ২৫ লাখ নেইমারের ফাউন্ডেশনের জন্য এবং সান্তোসের সঙ্গে ‘প্রতিভা অন্বেষণ’ ও অন্যান্য দ্বিপক্ষীয় চুক্তিতে ৯৯ লাখ ইউরো। গোল বেধেছিল অপ্রকাশিত অঙ্কটা স্প্যানিশ দৈনিকে ফাঁস হয়ে পড়ায়। এখন বার্তোমেউ যতই বলুন ‘আমরা কখনোই মিথ্যা বলিনি’, তাঁর এই দাবির মধ্যেই তো ফাঁকি। মিথ্যা বলেনি ঠিক আছে, তবে পুরো ব্যাটারটা তো প্রকাশও করেনি।
এ নিয়েই যত প্রশ্ন। নেইমার কি টাকার জন্যই বার্সায় এসেছেন? এমন প্রশ্নও উঠে পড়েছে। পাঁচ বছরের চুক্তির প্রতিবছরে পাবেন ১ কোটি ১০ লাখ ইউরো, অঙ্কটা বেশ বড়। তাই অনেকে বলছেন, টাকাই আসলে নেইমারকে বার্সায় টেনে এনেছে। পরশুর সংবাদ সম্মেলনে এ নিয়ে প্রশ্ন শুনে বার্সার নতুন সভাপতির উত্তর, ‘তাকে (নেইমারকে) অন্য একটা ক্লাব অনেক বেশি বেতনের প্রস্তাব দিয়েছিল। ওদের দলবদলের অঙ্কটাও অনেক বড় ছিল। কিন্তু নেইমার নিজেই বার্সেলোনায় আসতে চেয়েছে। এটাই আমাদের পক্ষে কাজ করেছে। আমরা যা কিছু করেছি, সব ক্লাবের ভালোর জন্যই করেছি।’ এএফপি, ওয়েবসাইট।