নেইমারদের আবেগের তারে টোকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাজিল খেলোয়াড়দের নিজের জীবনের গল্প বলছেন মার্কোস।  l ওয়েবসাইট
ব্রাজিল খেলোয়াড়দের নিজের জীবনের গল্প বলছেন মার্কোস। l ওয়েবসাইট

টিম হোটেলে সেদিন ছোট্ট একটা বক্তৃতা দেওয়ার কথা ছিল ডিয়েগো সিমিওনের। কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদ কোচ কিছুই বললেন না। একজন অতিথি নিয়ে এসেছিলেন সঙ্গে। খেলোয়াড়দের সঙ্গে তাঁকে পরিচয় করিয়ে দিয়ে বললেন, ‘ও তোমাদের কিছু কথা বলবে।’
অতিথির নাম আইরিন ভিয়া। পেশায় সাংবাদিক, আবার খেলোয়াড়ও। ৩৫ বছর বয়সী আইরিন ১২ বছর বয়সে মাদ্রিদে সন্ত্রাসীদের বোমা বিস্ফোরণে দুটি পা হারিয়েছেন। এর পর থেকে তাঁর জীবন বাঁধা যেন হুইলচেয়ারে৷ কিন্তু কিশোর বয়সের ওই দুর্ঘটনা পারেনি আইরিনের জীবনীশক্তি কমাতে। অদম্য ইচ্ছাশক্তির জোরে স্কিইয়িং শিখেছেন, অংশ নিয়েছেন প্যারালিম্পিক স্কিইয়িংয়ে। হুইলচেয়ার ফেন্সিংয়ে একবার তো জাতীয় পর্যায়ে রানার্সআপও হয়েছেন। ছোট্ট বক্তৃতায় নিজের জীবনের এই গল্পটা শুনিয়ে আইরিন সেদিন আর একটা কথাই বলেছিলেন আটলেটিকোর খেলোয়াড়দের, ‘কোনো প্রতিবন্ধকতাই মানুষকে থামাতে পারে না। হ্যাঁ, জয়-পরাজয় আসবেই, কিন্তু প্রতিটি পতনের পর আবার উঠে দাঁড়াতে হবে। লড়ার প্রস্তুতি নিতে হবে নতুন করে।’

সেই গল্প শুনে আবেগাপ্লুত নেইমারের কান্না  l ওয়েবসাইট
সেই গল্প শুনে আবেগাপ্লুত নেইমারের কান্না l ওয়েবসাইট

ঘটনাটা গত ২৯ মার্চের। সান মামেসে সেদিন লা লিগায় অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচ ছিল অ্যাটলেটিকোর। যে মাঠে এর আগে বার্সেলোনা হেরেছিল ০-১ গোলে, রিয়াল ফিরেছিল কোনো রকমে ১-১ ড্র নিয়ে৷ ওই মাঠেই সেদিন এক গোলে পিছিয়ে গিয়েও বিলবাওকে ২-১ ব্যবধানে হারাল অ্যাটলেটিকো। ম্যাচের পর ডিয়েগো কস্তা স্বীকার করেছিলেন, আইরিনের সেই বক্তৃতা দারুণ চাঙা করে দিয়েছিল তাঁদের। কোনো কিছুই অসম্ভব মনে হচ্ছিল না।
কে জানে লুইস ফেলিপে স্কলারি ঘটনাটা শুনেছিলেন কি না! ব্রাজিল দলকে অনুপ্রেরণা দিতে তিনিও তো প্রায় একই কাজ করলেন। গত বৃহস্পতিবার ব্রাজিল দলের অনুশীলনে নিয়ে গেলেন লিওনার্দো মার্কোস নামে শারীরিক প্রতিবন্ধী এক কিশোরকে। মার্কোসের কিছুক্ষণের উপস্থিতি নাড়িয়ে দিয়েছে নেইমার-লুইজ আর সিলভাদের অন্তর। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত কিশোর হুইলচেয়ার ছাড়া নড়তে পারে না। কিন্তু যাবতীয় প্রতিবন্ধকতা সে জয় করেছে ফুটবলের বিভিন্ন কৌশল দেখে। ব্রাজিল কোচ শিষ্যদের সঙ্গে মার্কোসকে পরিচয় করিয়ে দেওয়ার পর হুইলচেয়ার থেকে নেমে সে মাঠে বসেই লুইজ-সিলভাদের দেখিয়েছে ফুটবল নিয়ে কারিকুরি। সবশেষে প্রিয় খেলোয়াড়দের হাত ধরে তার দাবি, ‘দেশের মাটিতে বিশ্বকাপ জেতাও, তাহলে সব দুঃখ-কষ্ট ভুলে যাব।’
ব্রাজিলিয়ান ফুটবলারদের হৃদয় ছুঁয়েছে এই আবেগঘন অনুরোধ৷ নেইমার তো কেঁদেই ফেলেছেন। লুইজ-আলভেজরা সান্ত্বনা দিয়েও থামাতে পারেননি। দেশের মাটিতে বিশ্বকাপ জয়ের মূল্য যে ব্রাজিলিয়ানদের কাছে কতটুকু, এই একটা অনুরোধেই মার্কোস বুঝিয়ে দিয়ে গেলেন নেইমারদের।
স্কলারিও কি এটাই চাইছিলেন না মনে মনে? ওয়েবসাইট।