মিসরের বিপক্ষে জয়টা ছিল কষ্টেসৃষ্টে। প্রথমার্ধে ৩-০-তে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ব্রাজিল জিতেছিল ৩-২ গোলে। কাল গ্রুপের দ্বিতীয় ম্যাচে বেলারুশের বিপক্ষে মানো মেনেজেসের দল জিতল হেসেখেলেই—ব্যবধান ৩-১। ব্রাজিলের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা ম্যাচে ৮ মিনিটে রেনান বারদিনি ব্রেসানের গোলে এগিয়ে গিয়েছিল কিন্তু বেলারুশই। সাত মিনিট পর দর্শনীয় হেডে ব্রাজিলকে সমতায় ফেরান আলেসান্দ্রে পাতো।দ্বিতীয়ার্ধে নেইমার-অস্কার-পাতোরা আরও আক্রমণাত্মক। ৬৫ মিনিটে ফ্রি-কিক থেকে রংধনু শটে ব্যবধান বাড়িয়ে নেন নেইমার। নেইমার-জাদু অলিম্পিকে চলছেই। কালও একটি গোল যেমন করেছেন, করিয়েছেন আরও দুটি। ম্যাচের শেষ মিনিটে গোল করেন অস্কার। প্রথম ম্যাচে বেশ কিছু ভুল করেছিলেন নেইমরারা। কিন্তু কাল টেকনিক্যাল সেই ভুলগুলো এড়ানোর চেষ্টা করেছেন মানো মেনেজেসের শিষ্যরা। আগামী ১ আগস্ট গ্রুপের শেষ ম্যাচে ব্রাজিল মুখোমুখি হবে নিউজিল্যান্ডের। কাল নিউজিল্যান্ড ১-১ গোলে ড্র করেছে মিসরের সঙ্গে। তথ্যসূত্র: স্টার স্পোর্টস ও ওয়েবসাইট।