নেইমারম্যানিয়া!

নেইমার, নেইমার, নেইমার—এই একটি শব্দই সারা দিন জপেন তাঁরা। বিলবোর্ড, টিভি পর্দা কিংবা স্টেডিয়াম—নেইমারকে দেখলেই শুরু হয়ে যায় চিৎকার! তাঁকে নিয়ে সামাজিক গণমাধ্যমে সমালোচনা হলে তাঁরা একজোট হয়ে প্রতিবাদ করেন। অপেক্ষা করেন ইন্টারনেটে তাঁকে নিয়ে নতুন কোনো লেখা পড়ার জন্য। চ্যাটরুমগুলোয় সারাক্ষণ তাঁকে নিয়েই চলে আড্ডা। এতটুকুও যেন ক্লান্তি নেই! নেইমারকে নিয়ে সব স্মারক তাঁদের নেইমার-ভান্ডারে জমা হয়। খাবার টেবিলে, কফিশপে, কলেজ, ইন্টারনেট—সবখানেই নেইমার। তাঁকে নিয়ে আবেগের সীমা নেই। এই কিশোরী-তরুণীরা পরিচিত ‘নেইমারজেটস’ নামে। সবাই একই রোগে আক্রান্ত—‘নেইমারম্যানিয়া’!
তাঁদেরই একজন ১৭ বছর বয়সী রায়েলেন আনদ্রাদে। ব্রাসিলিয়ার মধ্যবিত্ত ঘরের এক তরুণী। তার কাছে প্রথমে ঈশ্বর, তারপর পরিবার এবং এরপরই নেইমার। তার কক্ষ সাজানো নেইমারের পোস্টার দিয়ে। পত্রিকায় নেইমারকে নিয়ে লেখা সব কাটিং তার সংগ্রহে। ব্রাজিল-ক্যামেরুন ম্যাচের টিকিট পায়নি, তাই সোজা ব্রাজিলের অনুশীলনেই হাজির। লক্ষ্য একটাই, নেইমারের দৃষ্টি আকর্ষণ! পাগলাটে তরুণীর সবচেয়ে বড় স্বপ্ন, ‘ওকে চুমু খেয়ে বলা, ভালোবাসি! আর জানানো, সে যদি কখনো কোনো সমস্যায় পড়ে, আমি তার পাশে আছি।’
নেইমারকে নিয়ে রায়েলেনের এই উন্মাদনার জন্ম বছর পাঁচেক আগে। রায়েলেন তখন ভীষণ অসুস্থ হয়ে পড়ে। হাঁটতে পারত না, স্কুলে যেতে পারত না। আশঙ্কা ছিল পঙ্গু হয়ে যাওয়ার। বন্ধুরা সব দূরে সরে গেল, সঙ্গী হিসেবে ছিল শুধু ইন্টারনেট। একটা সময় নেইমারকে নিয়ে কৌতূহলী হয়ে ওঠে রায়েলেন। একাকী সময় কাটাতে নেইমারকে নিয়ে লেখা বই পড়া শুরু করল। খোঁজ নেওয়া শুরু করল নেইমার ও তাঁর পরিবার নিয়ে। নেইমারের আনন্দময় সব মুহূর্ত যেন রায়েলেনের একাকী বিষাদমাখা জীবনকে ভরিয়ে দিল। রায়েলেন অসুস্থতা থেকে সেরে উঠেছে, কিন্তু নেইমারকে নিয়ে পাগলামি যেন বেড়ে গেছে দ্বিগুণ। নেইমার নিজেও তাঁর এই পাগলাটে, খ্যাপাটে সমর্থকদের খোঁজখবর রাখেন। রায়েলেন লন্ডন অলিম্পিক চলাকালে একবার নেইমারকে ম্যাসেজ দিয়েছিল, ‘শুভকামনা, একটা গোলের জন্য প্রস্তুত তো?’ নেইমারের উত্তর, ‘একটি নয়, দুটি।’ ঠিকই নেইমার সেদিন দুটি গোলই দিয়েছিলেন!
কিন্তু নেইমারের মেয়েবন্ধু তো মডেল ব্রুনা মারকুয়েজিন। তাঁকে নিয়ে কী ভাবনা রায়েলেনের? এ প্রশ্নের উত্তরেই যেন কণ্ঠটা একটু নড়ে গেল রায়েলেনের, ‘আমি তার ভক্ত নই, তবে শ্রদ্ধা করি ঠিকই। কারণ তার জন্যই তো নেইমার সুখী।’ তথ্যসূত্র: এএফপি।