নেইমারে এখনো ভরসা পাচ্ছেন না ক্রুইফ!

যে কারণেই হোক, নেইমারকে কিনে আনাটা পছন্দ হয়নি তাঁর। ব্রাজিলীয় ফরোয়ার্ডকে যখন বার্সেলোনা কিনেছেই, তাহলে লিওনেল মেসিকে বিক্রি করে দেওয়া হোক—এমন মন্তব্য করেও আলোচিত হয়েছিলেন। নেইমার বেশ কিছুটা সময় বার্সার সঙ্গে কাটালেন। তবে তাঁর প্রতি ইয়োহান ক্রুইফের মনোভাবে এতটুকু পরিবর্তন হয়নি।
নেইমারের প্রতিভা নিয়ে কখনোই প্রশ্ন তোলেননি ডাচ কিংবদন্তি। তবে ব্রাজিলীয় ফরোয়ার্ডের সঙ্গে লিওনেল মেসির জুটির সফলতা নিয়ে যথেষ্টই সংশয় আছে তাঁর। শুরু থেকেই কথাটা বলে আসছেন। গতকালও একই কথা বললেন বার্সার প্রথম স্বপ্নের দল নির্মাণের কারিগর, ‘কখনোই বলিনি, নেইমার ভালো খেলোয়াড় নয়। প্রশ্ন হচ্ছে, সে কতটা দলের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে। মেসি ও নেইমার দুজনেই আক্রমণভাগের খেলোয়াড়। এর মানে হলো, রক্ষণভাগে একজন খেলোয়াড় কম নিয়ে খেলতে হচ্ছে বার্সাকে। এটা সমস্যা করতে পারে।’
নেইমারকে আরও কঠোর পরিশ্রম করতে হবে বলেও গ্লোবোস্পোর্তেকে দেওয়া সাক্ষাত্কারে মত দেন ৬৬ বছর বয়সী ক্রুইফ, ‘বার্সেলোনার খেলার বিশেষ ধরন আছে। উইংয়ে যারা খেলে, তাদের কঠোর পরিশ্রম করতে হয়। কিন্তু পেদ্রো বা তেয়োর মতো পরিশ্রম করতে পারছে না নেইমার।’
গত জুনে সান্তোস থেকে নেইমারকে কিনে আনে বার্সা। এরই মধ্যে তাঁর প্রতিভার ঝলক অবশ্য দেখিয়েছেন। কিন্তু গোলের দেখা পাচ্ছেন না। এখন পর্যন্ত আটটি ম্যাচে অংশ নিয়েছেন নেইমার—লা লিগায় পাঁচটি, স্প্যানিশ সুপার কাপে দুটি এবং চ্যাম্পিয়নস লিগে একটি। এর মধ্যে কেবল একটি গোল করতে পেরেছেন, সেটা সুপার কাপে। বার্সা সতীর্থদের সহায়তা করেছেন তিনটি গোলে। আট ম্যাচের পরিসংখ্যান বিবেচনায় সাফল্যটা ঠিক নেইমারসুলভ নয়।
নেইমার কেন বার্সেলোনার হয়ে গোল পাচ্ছেন না—প্রশ্নটা অনেকেই তুলছেন। কোচ জেরার্ডো ‘টাটা’ মার্টিনো অবশ্য বরাবরই বলে এসেছেন, খাপ খাওয়াতে সময় লাগবে নেইমারের। গোল পাওয়া না-পাওয়ার ব্যাপারটা এখনই মুখ্য নয়। কোচের মতো গোল নিয়ে চিন্তিত নন বার্সা ফরোয়ার্ডও। তবে আশাবাদী হতে পারছেন না ক্রুইফ।