বয়স মাত্র ২১। দেখতেও তালপাতার সেপাই। শক্তপোক্ত নন। উচ্চতাও গড়পড়তা ফুটবলারদের তুলনায় ঢের কম। ৫ ফুট ৯ ইঞ্চি। মুখে এখনো লেগে আছে সদ্য ফেলে আসা কৈশোরের নিষ্কলুষতা। কিন্তু সেই ছোট্ট কাঁধেই শয়নে-স্বপনে, গির্জায়-প্রার্থনায় ফুটবল লালন করা আয়তন এবং জনসংখ্যায় উভয় দিক থেকেই বিশ্বের শীর্ষ পঞ্চম দেশ ব্রাজিলের কোটি কোটি মানুষের প্রত্যাশার চাপ যে বয়ে নিতে প্রস্তুত, নেইমার প্রমাণ করে চলেছেন প্রতিনিয়ত।সদ্যই বার্সেলোনায় নাম লেখানো এই ফরোয়ার্ডে ভর করেই বিশ্বকাপের মহড়া টুর্নামেন্ট কনফেডারেশনস কাপের সেমিফাইনালে উঠে গেল ব্রাজিল। ম্যাচের শুরুতে নিজে গোল করেছেন, একদম শেষ ভাগে করিয়েছেনও। আর তাতেই মেক্সিকোকে ২-০ গোলে হারাল আগামী বিশ্বকাপের স্বাগতিকেরা।বার্সায় লিওনেল মেসির সঙ্গে তাঁর জুটিটা যে জমবে বেশ, সেটাও বুঝিয়ে দিচ্ছেন। দুর্দান্ত স্কিল, চোখ ধাঁধানো ড্রিবলিং, বল পজেশনে ক্ষুধার্ত—খেলার ধরনে তো বটেই, মেসির সঙ্গে নেইমারের মিল খুঁজে পাওয়া যাচ্ছে উদযাপনেও। তিনিও দুই তর্জনী উঁচিয়ে উদযাপন করেন গোল। জাতীয় দলের হয়ে যে উদযাপনের দৃশ্যটা অভিষেকের পর থেকে প্রায় নিত্যকার ঘটনা বানিয়ে ফেলেছেন নেইমার। সেলেসাওদের হয়ে মাত্র ৩৬ ম্যাচেই ২২ গোল। সত্যিই অবিশ্বাস্য!২১ ও ২২ নম্বর গোল দুটি এবারের কনফেডারেশনস কাপে। দুটো গোলের মধ্যেও মিল থাকল। দুটোই ম্যাচের শুরুর দিকে। এবারেরটা অবশ্য নবম মিনিটে। জাপানের বিপক্ষে তৃতীয় মিনিটে করা গোলটি ছিল বক্সের নিঃশ্বাস-দূরত্বে থেকে নেওয়া হাফভলিতে। এবার আর আধাআধি নয়, বাঁ প্রান্ত থেকে ইগলের মতো ছোঁ মেরে উড়ে আসা বলে বাঁ পায়ে দুর্দান্ত ভলি। মেক্সিকান গোলরক্ষক করোনার দর্শক হয়ে তাকিয়ে থাকা ছাড়া কিছুই করার ছিল না। ঝাঁপিয়ে পড়ে সেই গোল ঠেকানোর বৃথা চেষ্টা অবশ্য তিনি করেছেন।করোনা কাল না থাকলে আরও গোটা তিনেক গোল মেক্সিকোকে হজম করতে হয়। করোনা যেন ‘গোল করো না’র বার্তা নিয়ে আগলে রেখেছিলেন গোলদুর্গ। প্রথমার্ধের শুরুর দিকেই যেমন বার ঘেঁষে ঢোকার মুখে আঙুলের আলতো টোকায় বলটা বাইরে ঢেলেছেন। না হলে দানি আলভেজের গোলটা পাওনাই ছিল।মেক্সিকো অবশ্য গা-ঝাড়া দিয়ে উঠেছিল। প্রথমার্ধের শেষ ২৫ মিনিট ব্রাজিলকে ব্যতিব্যস্ত করে রেখেছিল। এক সময় তাদের বলের দখল ব্রাজিলকেও ছাপিয়ে যায়। কিন্তু দ্বিতীয়ার্ধে নতুন ছক কষে নামা ব্রাজিল আর সে রকম সুবিধা করতে দেয়নি মেক্সিকোকে; বরং যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ড্রিবলিংয়ের জাদুতে মেক্সিকান রক্ষণকে মন্ত্রমুগ্ধ পাথুরে-মূর্তি বানিয়ে নেইমার বল ঠেলেছেন জোকে। পৃথিবীর সহজতম গোলটি করতে ভুল করেননি জো। চাইলে নিজেও গোলে শট নিতে পারতেন। কিন্তু গত ম্যাচের পর কোচ লুইস ফেলিপে স্কলারি যে কথাটা বলেছিলেন, সেটাই যেন সুবোধ শিষ্যের মতো পালন করলেন নেইমার। নিজের জন্য শুধু নয়, নেইমারকে স্কলারি খেলতে বলেছেন দলের জন্যও। জাতীয় দলের কোচ হয়ে ফিরে আসার পর প্রত্যাবর্তনের শুরুটা হয়তো ভালো হয়নি। কিন্তু ধীরে ধীরে স্কলারি যে সংসার গুছিয়ে নিচ্ছেন, সেটা বোঝা যাচ্ছে বেশ। এই ম্যাচে তো দুটো ক্ষুরধার গতির পাল্টা আক্রমণে চকিতে যেন ব্রাজিলের সেই সোনালি দিনগুলোর স্মৃতিও ফিরে এল অনেকের মনে। শেষ পর্যন্ত ২-০ ব্যবধানটা হয়তো ‘বিগ ফিলে’র মনমতোও হয়নি। তবে গত অলিম্পিক ফাইনালের পরাজয়ের প্রতিশোধটা ভালোমতোই নিল ব্রাজিল। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামের সেই ম্যাচটা শেষে কেঁদে দিয়েছিলেন নেইমার। ফুটবলদেবীর আশীর্বাদ-ধন্য পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল যে এই একটা পালক যোগ করতে পারেনি তাদের মুকুটে। জেতা হয়নি অলিম্পিক ফুটবলের সোনা। নেইমার কথা দিয়েছিলেন শূন্যতাটুকু মুছে ফেলবেন। একদম ফাইনালে গিয়েও পারেননি। এখন মনে হচ্ছে সেই না-পারাটা সুদে-আসলে পুষিয়ে দিতে প্রস্তুত হচ্ছেন তিনি। ২০১৪ বিশ্বকাপ তো আর দূরে নেই!