নেইমারে বিধ্বস্ত যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লন্ডন অলিম্পিকের আগে নিজেদের ভালোই ঝালিয়ে নিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। স্কটল্যান্ডকে বিধ্বস্ত করে উড়তে থাকা যুক্তরাষ্ট্রকে কাল (বাংলাদেশ সময়) কী দারুণভাবেই না মাটিতে নামিয়ে আনল মেনেজেসের তরুণ দল! ৪-১ গোলের এই জয়ের মূল কারিগর সান্তোসের প্লে-মেকার নেইমার। একটি গোল করে ও আরও দুটি করিয়ে বুঝিয়ে দিয়েছেন তাঁকে নিয়ে মাতামাতিটা অযৌক্তিক নয়। ১২ মিনিটে ম্যাচের প্রথম গোলটাই করেন নেইমার, মার্কিন ডিফেন্ডার ওগুচি ওনিউর হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে বল জালে জড়িয়ে দিতে ভুল করেননি তিনি। পরে থিয়াগো সিলভার হেডে করা গোলটিও নেইমারের কর্নারের ফসল। বিরতির ঠিক আগে হারকিউলেস গোমেজের গোলে ঘুরে দাঁড়ানোর একটা চেষ্টা চালায় মার্কিনরা। তবে বিরতির পর ব্রাজিল ছিল আরও অদম্য। আবারও নেইমারের পাসে মার্সেলোর গোলে ব্যবধান বাড়ায় সেলেসাওরা। মিলান স্ট্রাইকার পাতোর গোলটি ছিল মার্কিনদের কফিনে শেষ পেরেক।নিজের নৈপুণ্যমাখা জয়ে তরুণ এই ব্রাজিলিয়ান উচ্ছ্বসিত, ‘প্রতিদিন তো আর চাইলেই এমনটা করা যাবে না। তবে একটা গোল, দুটি লক্ষ্যভেদী পাসে আমি খুশিই।’ এমন পারফরম্যান্সের পর দলে নিজের জায়গাটা পাকাই, তার পরও ব্রাজিলের হয়ে খেলতে পারায় আপ্লুত নেইমার, ‘এটা দারুণ সন্তুষ্টির। আমরা সবাই জানতাম, জাতীয় দলের দরজা আমাদের জন্য একদিন খুলতই।’ নেইমার-পাতোরা যদি হন একলব্য, তবে যথার্থই দ্রোণাচার্য মানো মেনেজেসের কাছে এই বড় জয়টা অপ্রত্যাশিতই ছিল, ‘সত্যিই এমন প্রত্যাশা আমার ছিল না। তরুণ খেলোয়াড়দের আত্মবিশ্বাসটা দেখা গেল এবং আমি জানতাম তাদের ওপর ভরসা রাখা যায়।’ ডেনমার্কের বিপক্ষে ৩-১ গোলে জয়ের ধারাবাহিকতায় গতকালের এই জয়ে এখন নির্ভার ব্রাজিলিয়ান কোচ, ‘ছেলেদের মুখের দিকে তাকালেই বোঝা যায় তাদের অর্জনের উপলব্ধি। ডেনমার্কের চেয়েও এই ম্যাচে আমরা ভালো খেলেছি, তবে প্রতিটি ম্যাচেই আমাদের উন্নতি করতে হবে।’ নেইমার-বন্দনায় মেতেছেন যুক্তরাষ্ট্রের কোচ ইয়ুর্গেন ক্লিন্সমান, ‘সে (নেইমার) এমন কিছু করে যা আপনি ভাবতেও পারেন না। অনেক কিছু করার খেলোয়াড়ি দক্ষতা ও উদ্যম তার আছে।’ রয়টার্স।