নেইমারের অনুভূতিহীন পা
হয়তো বিশ্বকাপ ট্রফিটা উঁচু করেই পুরো জাতিকে অশ্রুজলে ভাসাতে চেয়েছিলেন। কাঁদালেন ঠিকই, তবে সেটা আনন্দ অশ্রু হলো না। চোটটা এমনভাবে পেলেন, হারানোর বেদনায় তখনই আহাজারি শুরু ব্রাজিলজুড়ে। গগনবিদারী আর্তনাদে ভারি ফোর্তালেজার বাতাস। সবার আগে নেইমারের কাছে ছুটে গেলেন মার্সেলো। কতটুকু ব্যথা জানতে চাইলেন। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে নেইমার বললেন, ‘আমার পা জোড়া অনুভূতিহীন হয়ে পড়েছে!’
উত্তর শুনে মার্সেলো আঁতকে উঠেছিলেন। সতীর্থকে এভাবে দেখে, বুকটা দুমড়ে-মুচড়ে যাচ্ছিল মার্সেলোরও। ওই মুহূর্তের কথা ব্রাজিল কোচ লুইস ফেলিপে স্কলারির মুখেই শুনুন, ‘মার্সেলো ভয় পেয়ে গিয়েছিল। চিৎকার করে সে দলীয় চিকিৎসককে ডাকল। কিন্তু তিনি মাঠে ঢুকতে পারবেন কি পারবেন না ভেবে আর গেলেন না।’ এ কথা শুনে কেউ আবার চিকিৎসককে ভুল বুঝে বসবেন না যেন। ফিফার নিয়মানুযায়ী, মাঠে কেউ আহত হলে তাঁকে স্ট্রেচারে করে বাইরে নিয়ে আসার পরই চিকিৎসার কাজ শুরু করতে পারেন।
শিষ্যের এমন আকস্মিক বিদায়ে আবেগাপ্লুত স্কলারি, ‘নেইমার আমাদের সেরা খেলোয়াড় ছিল, বাকিদের জন্য অনুপ্রেরণা। ওর মতো খেলোয়াড় যে কোনো দলেই ব্যবধান গড়ে দিতে পারে। ওর মতো খেলোয়াড়কে হারানোর কথা কল্পনাও করিনি। বিশেষ করে সেমিফাইনাল ও ফাইনালের আগে।’ ওই হতাশাজনক মুহূর্তের কথা যেন ভুলতেই পারছেন না, ‘হেলিকপ্টারে স্ট্রেচারে করে অসহায়, কাঁদতে থাকা নেইমারকে নিয়ে যাওয়া হচ্ছে। ভাবা যায়!’ এএফপি।