নেইমারের আবেদন
আপাতত সান্তোস ছাড়ছেন না ব্রাজিলীয় তারকা নেইমার। তবে সান্তোসের হয়ে খেলায় তাঁর পাশে চান সতীর্থ গানসোকে, অন্তত আরও দুই বছর। বন্ধু নয়, একজন ভালো ফুটবলার হিসেবেই গানসোর সঙ্গে জুটি বেঁধে খেলতে চান নেইমার। এ ব্যাপারে নেইমার এতটাই আন্তরিক যে পারলে তিনি গানসোর দুই পা চেপে ধরেন। গানসোর মতিগতি বুঝতে পারছেন না নেইমার; গানসো ইউরোপের কোনো ক্লাবে নাম লেখাবেন কি না, তাও জানেন না তিনি। তবে গানসো চলে গেলে তিনি যে কিছুটা অসহায় হয়ে পড়বেন, সেটা কোনো ভনিতা না করেই জানিয়ে দিয়েছেন নেইমার। গানসোকে তাঁর অনুরোধ, অন্তত আরও দুটি মৌসুম তাঁর সঙ্গে জুটিবদ্ধ হয়ে খেলার সুযোগ যেন তিনি তাঁকে দেন।নেইমারের প্রতি আগ্রহ আছে ইউরোপের অনেক ক্লাবেরই। অনেকে মনে করছেন, এই মৌসুমেই নেইমারের জন্য টাকার থলে নিয়ে হামলে পড়তে পারে ইউরোপীয় জায়ান্টরা। তবে নেইমার সাফ জানিয়ে দিয়েছেন, যত হাতছানিই আসুক, ২০১৪ সালের বিশ্বকাপের আগে তাঁর ব্রাজিল ছেড়ে পৃথিবীর কোথাও খেলতে যাওয়ার কোনো সম্ভাবনা নেই।২০১৪ সালের পর কোথায় যাবেন, সেটাও জানেন না এই ব্রাজিলীয় প্লে-মেকার। বলেছেন, ‘২০১৪ সালের পর আমি অন্য কোথাও যেতেও পারি, আবার নাও যেতে পারি। পুরোটাই নির্ভর করছে সময় ও পরিস্থিতির ওপর। তবে আপাতত আমি সান্তোস ছাড়ছি না।’ গানসোর ব্যাপারে বেশ ‘নিরাপত্তাহীনতা’য় ভুগছেন নেইমার। তিনি বলেছেন, ‘আমি এখনো জানি না গানসো কোথায় যাচ্ছে; সে আদৌ সান্তোসে খেলবে কি না। তবে আমি তাঁকে বলেছি, আমাকে “একা” ফেলে কোথাও না যেতে। আমরা দুজন যেন অন্তত আরও দুই বছর একসঙ্গে খেলতে পারি।’ নেইমার বলেন, ‘গানসো আর আমি খুব ভালো বন্ধু। তবে গানসোকে আমি আমার পাশে চাই বন্ধু হিসেবে নয়, একজন অসাধারণ খেলোয়াড় হিসেবে। দুর্দান্ত খেলোয়াড়দের হারাতে চায় না কেউই।’এই মুহূর্তে গানসো ও নেইমার ব্রাজিলের অলিম্পিক শিবিরে আছেন। লন্ডন অলিম্পিকে প্রথমবারের মতো ব্রাজিলকে ফুটবলে সোনা এনে দেওয়ার লড়াইয়ে এই দুই তরুণ প্রতিভাকে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ মনে করছে ব্রাজিল-ভক্তরা। ওয়েবসাইট।